ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রস্তাবিত 'কৌশলগত পরিবহন পরিকল্পনা' (এসটিপি) উল্টো যাতায়াতের সময়, খরচ, দূষণ ও দুর্ঘটনা বাড়াবে। তাই বাস্তবায়নের আগে প্রস্তাবিত এসটিপি সংশোধন প্রয়োজন। এ কথা বলেছেন পরিবহন বিশেষজ্ঞ ড. মাহবুবুল বারী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে পরিবেশ বাঁচাও আন্দোলন আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। 'ঢাকা মহানগরীর কৌশলগত পরিবহন পরিকল্পনা (এসটিপি) : গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক ওই সেমিনারে বক্তারা প্রস্তাবিত প্রকল্পের তীব্র সমালোচনা করেন।
সেমিনারের মূল প্রবন্ধে ট্রান্সপোর্ট ফর লন্ডন এর জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক ড. মাহবুবুল বারী প্রস্তাবিত এসটিপির দুর্বলতা তুলে ধরে বলেন, "স্বল্পসংখ্যক মানুষের বাহন প্রাইভেট কারের সুবিধা বন্ধ করে সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় টেকসই ও পরিবেশবান্ধব জনপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে।"
তিনি বলেন, এসটিপি প্রণয়নের আগে যে গবেষণা চালানো হয়, তাতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মিললেও প্রকল্প প্রণয়নে তার কোনও নমুনা দেখা যাচ্ছে না। উপরন্তু দুর্নীতির সুযোগ করে দেওয়ার জন্যই বাস্তবতাবর্জিত একটি প্রকল্প প্রণয়নের সুপারিশ করা হয়েছে।
ড. বারী বলেন, প্রস্তাবিত প্রকল্পে যাতায়াত সমস্যা দূর করতে কেবল যোগান বৃদ্ধির কথা বলা হয়েছে। অথচ চাহিদা নিয়ন্ত্রণ না করে যোগান বৃদ্ধির মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়। জ্বালানিমুক্ত পরিবহনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেও জ্বালানি নির্ভর যানবাহনকে ভিত্তি করে সুপারিশ করা হয়েছে ওই পরিকল্পনায়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রোখসানা হাফিজ বলেন, রিকশা তুলে দেওয়ার প্রয়োজন নেই। রিকশাচালকদের অবস্থার উন্নতি হলে কিংবা বিকল্প যানবাহন পাওয়া গেলে স্বংক্রিয়ভাবেই রিকশা বন্ধ হয়ে যাবে।
রিকশা তুলে দেওয়ার বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম মাহাবুব বলেন, "দেশের সবাই শপিং মলে গিয়ে বাজার করতে পারে না। যারা কাঁচা বাজারে থেকে ফিরবে তাদের কথা চিন্তা করেই প্রকল্প প্রণয়ন করতে হবে।"
এসটিপির সব তথ্য জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়ে অধ্যাপক মাহবুব বলেন, "আলোচনার মধ্য দিয়ে বৃহত্তর ও দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে পরিকল্পনা প্রণয়ন করতে হবে।"
তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ বলেন, "প্রস্তাবিত এসটিপিতে বেশিরভাগ জনগোষ্ঠীকে উপেক্ষা করে কেবল গুটিকয়েক মানুষের সুবিধার কথাই ভাবা হয়েছে। এ পরিকল্পনা অবাস্তব, চাতুর্যপূর্ণ, স্ববিরোধী ও দেশের স্বার্থবিরোধী।"
পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আবু নাসের খান বলেন, "প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হবে। এ টাকা জলে ফেললে কেবল টাকা নষ্ট হতো, কিন্তু বাস্তবায়িত হলে ঢাকা শহর ধ্বংস
bdnews24