২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর মিরপুরে শুক্রবার ভরদুপুরে আব্দুল মান্নান দেওয়ান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 01:44 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে শুক্রবার ভরদুপুরে আব্দুল মান্নান দেওয়ান (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের ভগ্নিপতি মোস্তফা কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মিরপুর ১৩ নম্বর সেকশনের বাসিন্দা আব্দুল মান্নান শুক্রবার দুপুরে স্থানীয় ইলেভেন স্টার ক্লাবে বসেছিলেন। এ সময় তিন-চারজন সন্ত্রাসী ক্লাবে ঢুকে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। মান্নানের স্বজনরা খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভগ্নিপতি কামাল জানান, মান্নান পোশাক কারখানার ঝুট কাপড়ের ব্যবসা করতেন। তিনি ওকে গার্মেন্টসের লাইন লিডার ছিলেন। কী কারণে মান্নানকে হত্যা করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি মোস্তফা কামাল। তার ধারণা, ব্যবসায়ীক দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড ঘটনানো হতে পারে। হাসপাতালের নিবন্ধন খাতার উদ্ধৃতি দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, নিহত মান্নানের মাথায়, বুকে, পেটে সাত-আটটি গুলি লেগেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। কাফরুল থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, আব্দুল মান্নান দুপুরে ওই ক্লাবে বসে দাবা খেলা দেখার সময় দুই সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। তিনি জানান, এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/১৯১৬ ঘ.