২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িচাপায় দুই হকারের মৃত্যুতে সারাদিন অচল গুলিস্তান

রাজধানীর গুলিস্তানে বৃহস্পতিবার গভীর রাতে পিকআপ ভ্যান চাপায় দুই হকার নিহত হওয়ায় শুক্রবার সকাল থেকে শতশত হকার দুর্ঘটনাস্থল ঘিরে অবস্থান নেয়। সন্ধ্যায় গুলিস্তান মোড়ে নিহতদের গায়েবানা জানাজায় অংশ নেয় প্রায় দেড় হাজার হকার। পরিস্থিতির অবনতি ঠেকাতে গুলিস্তানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেড দেওয়ায় সকাল থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোগান্তির শিকার হয় শতশত মানুষ। রাতের দিকে হকাররা সরে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2007, 11:03 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তানে বৃহস্পতিবার গভীর রাতে পিকআপ ভ্যান চাপায় দুই হকার নিহত হওয়ায় শুক্রবার সকাল থেকে শতশত হকার দুর্ঘটনাস্থল ঘিরে অবস্থান নেয়। সন্ধ্যায় গুলিস্তান মোড়ে নিহতদের গায়েবানা জানাজায় অংশ নেয় প্রায় দেড় হাজার হকার। পরিস্থিতির অবনতি ঠেকাতে গুলিস্তানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেড দেওয়ায় সকাল থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে। ভোগান্তির শিকার হয় শতশত মানুষ। রাতের দিকে হকাররা সরে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। দুর্ঘটনায় নিহতদের নাম মো. সুজন (১৮) ও মো. রিয়াজউদ্দীন (৩৮)। সুজনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের চান্দিনায়। তারা বাবার নাম ফজল মিয়া। রিয়াজের বাড়ি কুমিল্লার লাকসামের পূর্বপাড়ায়। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানিয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আবু নোমান সজীব। সহকর্মীর মৃত্যুতে শোকাহত ভাসমান ব্যবসায়ীরা শুক্রবার হলিডে মার্কেটের দিন ব্যবসা বন্ধ রেখে দিনটিকে 'হকার কালোদিবস' হিসেবে পালন করে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুজ্জামান বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। পরিস্থিতি সম্পর্কে রাত সোয়া ১১টায় পল্টন থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "গুলিস্তানের পরিস্থিতি এখন স্বাভাবিক। হকাররা কেউ নেই। তবে পুলিশ মোতায়েন রয়েছে।" সকালে পল্টন থানার কর্তব্যরত উপপরিদর্শক নূর জাহান বেগম জানান, শুক্রবার হলিডে মার্কেটে ভালো জায়গা দখলের উদ্দেশ্যে ভাসমান ব্যাবসায়ীরা বৃহস্পতিবার রাত থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন। রাত আড়াইটার দিকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দিক থেকে আসা মুরগি বহনকারী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসের পাশে রাস্তায় বসে থাকা ৩ হকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে রিয়াজউদ্দীনও মারা যান। তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত মো. জাহাঙ্গীরকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে ৬ ব্যাগ রক্ত দিতে হয়েছে। নূর জাহান বেগম জানান, দুই হকারের মৃত্যুর প্রতিবাদে ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবিতে হকাররা শুক্রবার সকাল থেকে গুলিস্তানের দুর্ঘটনাস্থল ঘিরে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করেন। বিশৃঙ্খলা এড়াতে সচিবালয়, পল্টন থেকে গুলিস্তান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। বিকেলে তৃণমূল ক্ষুদ্র ব্যাবসায়ী সমিতি ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আজাহার শেখ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে কিছু হকার তাদের ব্যবসার জায়গায় রক্ত দেখে মাথা ঠিক রাখতে পারেননি। ১০টা থেকে ১১টা পর্যন্ত তারা বিক্ষিপ্তভাবে বিক্ষোভ মিছিল করেছেন। 'আমার ভাই মরল কেন ফখরুদ্দীন জবাব চাই'