ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের খতিয়ান মুদ্রণ কার্যক্রমে আর্থিক অনিয়মের অভিযোগে ভূমি মন্ত্রণালয় তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।
অভিযুক্ত কর্মকর্তারা হলেন, কার্যক্রম বাস্তবায়ন কর্মকর্তা এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাবেক পরিচালক শামসুল আলম, কার্যক্রম বাস্তবায়ন সহায়ক কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ ও কার্যক্রম বাস্তবায়ন সহকারী বিলাম চন্দ্র হাওলাদার।
ভূমি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিবরণীতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি জরিপ অধিদপ্তর ২০০৫-০৬ অর্থ বছরে এক কোটি ভূমি মালিকানা স্বত্বলিপি (খতিয়ান) মুদ্রণের কার্যক্রম নেয়। বেসরকারি প্রতিষ্ঠান ডিপিসি-পিডিএএস কনসোর্টিয়ামকে টেন্ডারের মাধ্যমে মুদ্রণের কাজ দেওয়া হয়।
কিন্তু শর্তানুযায়ী কাজ সম্পন্ন না হওয়া সত্ত্বেও ঠিকাদারকে বিল প্রদান করার কারণে সরকারের আনুমানিক ৬ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের টাক্সফোর্স ও বিষয়টি তদন্ত করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২৩১৫ ঘ.
bdnews24