ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিল্প প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হলে লাভের হার সামান্য কমতে পারে। কিন্তু এতে দেশের শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে না। অর্থ উপদেষ্টা এবি মির্জা আজিজুল ইসলাম এ কথা বলেছেন।
বৃহস্পতিবার রাজধানীতে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক বাজেট পরবর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দেশের প্রথম অনলাইন পত্রিকা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও এম কে আনোয়ার, সাবেক সাংসদ ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, রাশেদ খান মেনন, জহিরউদ্দিন স্বপন ও জিএম কাদের আলোচনায় অংশ নেন। ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট জাকারিয়া কাজল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
২০০৭-২০০৮ অর্থবছরের বাজেটে শিল্পখাতের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং মধ্যবর্তী পণ্যের আমদানি শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়ে আলোচকদের কয়েকজন বলেন, শুল্ক বাড়ানো হলে দেশের শিল্পখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সাবেক আওয়ামী লীগ সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন "কাঁচামাল ও যন্ত্রপাতির আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উচিত হবে না।"
তিনি বলেন, শুল্ক বাড়ানোর ফলে কাঁচামালের দাম বাড়লে দেশের শিল্প উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। এতে উৎপাদনও কমে আসবে।
সাবেক কৃষিমন্ত্রী ও বিএনপি নেতা এমকে আনোয়ার বলেন, শুল্ক বাড়ানো হলে প্রায় ১২০০ কাঁচামালের দাম বেড়ে যাবে। এর প্রভাবে স্থানীয় শিল্প কারখানাগুলোর খরচ বেড়ে যাবে। আর খরচ বাড়লে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।
দেশের শিল্পখাত ক্ষতিগ্রস্ত হলে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জনও কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
অন্যান্য আলোচকরাও প্রায় একই ধরনের মতামত জানান।
জবাবে অর্থ উপদেষ্টা বলেন, শুল্ক বাড়ালে লাভের হার হয়তো কিছুটা কমে আসবে, তবে এর জন্য দেশের শিল্পখাত ক্ষতিগ্রস্ত হবে না।
তিনি এও বলেন, বাজেট চূড়ান্ত করার আগে সরকার এই বিষয়গুলো বিবেচনা করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/জেকে/এমএইচবি/২০০৭ ঘ.
bdnews24