২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের 'সোনালী সুযোগ' দুর্নীতিবাজদের জন্য নয়

বিমান ঘোষিত স্বেচ্ছা অবসরের সুযোগ নিতে পারবেন না দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা। বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ আলতাফ আলী বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিমান পরিচলানায় যারা অপরিহার্য এমন কেউ স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করে থাকলেও তাদের বিষয়টি বিবেচনায় আনা হবে না। পাশাপাশি যেসব কর্মকর্তা--কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি কিংবা বিভাগীয় মামলা বিচারাধীন আছে তাদেরকেও বিবেচনায় আনা হবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 09:03 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিমান ঘোষিত স্বেচ্ছা অবসরের সুযোগ নিতে পারবেন না দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা। বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেখ আলতাফ আলী বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিমান পরিচলানায় যারা অপরিহার্য এমন কেউ স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করে থাকলেও তাদের বিষয়টি বিবেচনায় আনা হবে না। পাশাপাশি যেসব কর্মকর্তা--কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি কিংবা বিভাগীয় মামলা বিচারাধীন আছে তাদেরকেও বিবেচনায় আনা হবে না।" ভারপ্রাপ্ত সচিব জানান, শুধু এক হাজার ৫৯৩ জন স্বেচ্ছা অবসর বা গোল্ডেন হ্যান্ডশেক এর সুযোগ নিতে পারবেন। ২০ জুন শেষদিন পর্যন্ত স্বেচ্ছা অবসরের জন্য দুই হাজার ১৬২টি আবেদন জমা পড়ে বলে জানান তিনি। শেখ আলতাফ আলী আরও জানান, আবেদনপত্রগুলো যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেনকে প্রধান করে গঠিত কমিটি কাজ করে যাচ্ছে। আবেদনকারীদের মধ্য থেকে এক হাজার ৫৯৩ জনের আবেদন মঞ্জুর করা হবে। আর তা কার্যকর হবে জুলাইয়ের এক তারিখ থেকে। বিমানকে লাভজনক ও বাণিজ্যিকীকরণ করার লক্ষ্যে সরকার স্বেচ্ছায় অবসরে যাওয়ার কর্মসূচি হাতে নেয়। চলতি মাসের ৫ তারিখ থেকে স্বেচ্ছা অবসরে যাওয়ার আবেদন জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চলে। বিমানের অর্গানোগ্রাম অনুযায়ী প্রতিষ্ঠানটিতে ছয় হাজার ৮৮৩টি কর্মকর্তা--কর্মচারীর পদের বিপরীতে বর্তমানে চার হাজার ৮০০ জন কর্মরত রয়েছেন। কর্মকর্তা--কর্মচারীদের স্বেচ্ছায় অবসরে পাঠানোর জন্য ২৯৭ কোটি টাকা অনুমোদন দিতে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় সম্মতিও দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএল/জিএনএ/১৪৫০ ঘ.