২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় ৪০ টন খাবার অনুপযোগী চাল আটক

মংলা উপজেলার কুমারখালি খাদ্যগুদাম থেকে ট্রাকে বোঝাই করার সময় বুধবার সন্ধ্যায় তিনটি ট্রাকসহ ৪০ টন খাবার অনুপোযোগী চাল আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 06:16 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

বাগেরহাট, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মংলা উপজেলার কুমারখালি খাদ্যগুদাম থেকে ট্রাকে বোঝাই করার সময় বুধবার সন্ধ্যায় তিনটি ট্রাকসহ ৪০ টন খাবার অনুপোযোগী চাল আটক করেছে কোস্টগার্ড। এ সময় মংলা খাদ্য গুদামের খাদ্য নিয়ন্ত্রক সুভাষ কুণ্ডু, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল আলম ও চালের সরবরাহকারী ঠিকাদার শহিদুল ইসলাম, তিন ট্রাকের চালক ও সহকারিসহ মোট ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, কিছুদিন আগে মাছের খাবার তৈরির জন্য টেণ্ডারের মাধ্যমে ওই চাল বিক্রি করা হয়েছিল। কোস্টগার্ড পশ্চিম জোনের কমাণ্ডার কাজী নজরুল ইসলাম জানান, নির্ধারিত কর্মকর্তার অনুপস্থিতিতে খুলনার দৌলতপুরে পাঠানোর জন্য খাদ্যগুদাম থেকে ৪০ টন চাল তিনটি ট্রাকে বোঝাই করা হচ্ছিল। তিনি জানান, সুভাষ কুণ্ডু, রফিকুল আলমসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেহেদী হাসান বলেন, "কিছুদিন আগে খাদ্য বিভাগ টেন্ডারের মাধ্যমে গুদামে থাকা কিছু পচা চাল বিক্রি করে। মংলা খাদ্য গুদাম থেকে ঠিকাদারের কাছে চাল হস্তান্তরের সময় আমার একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়। আমি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. হায়াতুর রহমানকে প্রতিনিধি নিযুক্ত করি।" তবে বুধবার চাল আটকের সময় হায়াতুর রহমান সেখানে উপস্থিত ছিলেন কিনা তা জানাতে পারেননি ইউএনও। তিনি জানান, ১৯৯৮ সালে ভারতীয় জাহাজ এমভি বিশ্ব কুমুদির মাধ্যমে খাদ্য বিভাগ ভারত থেকে এই চাল আমদানি করেছিল। ওই চাল নিুমানের প্রমাণিত হওয়ায় খাদ্য বিভাগ প্রথমে জাহাজসহ চাল বেশ কয়েক বছর মংলা বন্দরে ফেলে রাখে। পরে তা সম্পূর্ণভাবে খাবার অনুপযোগী হয়ে পড়ে। সর্বশেষ ২০০৬ সালে আদালতের নির্দেশে জাহাজটি বিক্রী হয়ে গেলে অবশিষ্ট পচা চাল মংলা খাদ্য গুদামে তোলা হয়। কিছুদিন আগে মাছের খাবার প্রস্তুতের জন্য টেণ্ডারের মাধ্যমে ওই চাল বিক্রি করে দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২৩৪০ ঘ.