সিলেট, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিলেটে পাহাড় কাটার অভিযোগে বুধবার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হচ্ছেন, সিলেট শহরের সজল চন্দ্র দাস, ঝলক চন্দ্র তালুকদার ও প্রীতিময় সরকার এবং গোলাপগঞ্জের আবদুল হামিদ, নূর মিয়া, সিরাজউদ্দিন ও আবদুল মুকিত।
সিলেটের সহকারী ভূমি কমিশনার সোনামনি চাকমা জানান, বুধবার সকাল থেকে সিলেট নগরীর হাওয়াপাড়ায় তিন ব্যক্তি একটি পাহাড় কাটছে এই খবর পেয়ে ম্যাজিস্ট্রেট মো. আলতাফ হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যান। সেখান থেকে সজল চন্দ্র দাস, ঝলক চন্দ্র তালুকদার ও প্রীতিময় সরকারকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, এই ৩ জনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে বুধবার বিকেল সাড়ে তিনটায় গোলাপগঞ্জ উপজেলার আমোড়া ইউনিয়নের ফাটল ধরা পাহাড় 'বনজামরা' পরিদর্শন করতে যান সিলেটের জেলা প্রশাসক হারুন-উর-রশীদ খান। পথে কানিশাইল এলাকায় দুই ব্যক্তিকে টিলা কাটতে দেখে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।
পুলিশ ওই দুইজনসহ ভাদেশ্বর থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে। এরা হচ্ছেন, কানিশাইলের আবদুল হামিদ, নূর মিয়া, ভাদেশ্বরের সিরাজউদ্দিন ও আবদুল মুকিত।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহউদ্দিন আহমেদ বলেন, এই চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সিলেট আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মোজাহিদুল ইসলাম জানান, সদরসহ দশ উপজেলায় পাহাড় কাটা হয়েছে এমন ৯৬টি স্থান চিহ্নিত করে ৪৮০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২৩১৬ ঘ.
bdnews24