২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেণ্ডারিয়ায় শ্বাসরোধ করে বৃদ্ধ খুন

রাজধানীর গেণ্ডারিয়ায় ফকির চান (৭৫) নামের এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে অভিযোগ করেছেন, পাঁচশ টাকা হারানোর ঘটনায় বিবাদের জের ধরে ভাড়াটিয়া হাবিব ও তার স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 05:10 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেণ্ডারিয়ায় ফকির চান (৭৫) নামের এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের ছেলে অভিযোগ করেছেন, পাঁচশ টাকা হারানোর ঘটনায় বিবাদের জের ধরে ভাড়াটিয়া হাবিব ও তার স্ত্রী এই হত্যাকাণ্ড ঘটান। সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা অশোক চৌহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের ছেলে মো. নাসিরউদ্দিন এ ঘটনায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত হাবিব মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম গেন্ডারিয়ার ডিস্ট্রিলারি সড়কে ফকির চানের ভাড়া বাসার একটি কক্ষে সাবলেট থাকেন। সোমবার রাতে হাবিব মিয়ার পাঁচশ টাকা হারিয়ে যায়। এ নিয়ে হাবিব ও নাজমার সঙ্গে ফকির চানের ছেলেদের ঝগড়া শুরু হয়। রাত ১১টার দিকে ফকির চান ঝগড়া থামাতে গেলে হাবিব ও তার স্ত্রী তার গলা টিপে ধরেন। এতে তিনি সংজ্ঞা হারান। ছেলেরা ফকির চানকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ধানমণ্ডির স্যালভেশন স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। সূত্রাপুর থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/২৩০৯ ঘ.