রাজশাহী, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা বিএনপির সহসভাপতি ও রাজশাহী সিটি মেয়র মিনুর ঘনিষ্ঠ সহযোগী আলতাব হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
সকালে আলতাবকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাত থেকে পুলিশের একটি বিশেষ দল তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানান উপপুলিশ কমিশনার(সদর) মাহবুবুর রহমান।
গত বৃহস্পতিবার জরুরি বিধিমালায় আলতাবকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত তখন আলতাবকে পাঁচ দিন রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।
বোয়ালিয়া থানা সূত্র জানায়, বিগত জোট সরকারের সময়ে সবজি বিক্রেতা থেকে রাতারাতি অঢেল বিত্ত ও বৈভবের মালিক হয়ে যাওয়া, সিটি কর্পোরেশনের পুরনো ভবনের মার্কেট দখল করাসহ বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদে মেয়র মিজানুর রহমান মিনুর দুর্নীতির বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে পুলিশ আশাবাদী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১০ ঘ.
bdnews24