নওগাঁ, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাপাহার উপজেলার শিরোন্টি গ্রাম থেকে পুলিশ তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন নির্মল কর্মকার (২১), মানিক রায় (২৭) এবং ইসমাইল সরদার (২৩)। এরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ভোরে চার ভারতীয় নাগরিক সন্দেহজনকভাবে শিরোন্টি গ্রামে ঘোরাফেরা করতে থাকলে গ্রামবাসী পুলিশকে জানায়। তবে পুলিশ যাওয়ার আগেই একজন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাপাহার থানায় অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে বলে আমিনুল ইসলাম জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি
bdnews24