বরিশাল, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুঙ্গীয়ায় মঙ্গলবার বাসের চাকায় পিষ্ট হয়ে নুসরাত জাহান নিশি (৬) নামে এক শিশু মারা গেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ এবং একটি বাস ভাংচুর করে।
ভোলা সদর থানার উপ ---পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চরফ্যাশন থেকে ভোলাগামী ভাই ভাই পরিবহণের একটি বাস দুপুর ১টার দিকে নিশিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় গ্রামের লোকজন সড়ক অবরোধ করে এবং বিআরটিসির একটি বাস ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি তদন্তের ভার থানার উপপরিদর্শক আবদুল খালেককে দেওয়া হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসি/১৭৫৭ ঘ.
bdnews24