ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- বিদ্যুৎ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদল আগামী মাসে মিয়ানমার যাবে।
জল বিদ্যুৎ উৎপাদন, আমদানি এবং কৃষিখাতে বিনিয়োগের বিষয়ে বিদ্যুৎ সচিবের নেতৃত্বে যাওয়া প্রতিনিধিদল সেখানে আলোচনা করবে।
মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদুত নিয়েন লিনের সঙ্গে এক বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের এতথ্য দিয়েছেন।
তিনি বলেন, "গত এপ্রিল মাসে মিয়ানমারে গিয়েছিলাম। তখন তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে। আরো আলোচনা করতে আগামী মাসে প্রতিনিধিদল যাচ্ছে।"
মিয়ানমার ইতোমধ্যেই বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়িয়ে দিয়েছে বলে তিনি জানান।
লিয়েন লিন সাংবাদিকদের বলেন, "রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরো জোরদার করতে চায় মিয়ানমার। পররাষ্ট্র উপদেষ্টার সফর এই সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে।"
বাংলাদেশে আসার পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই প্রথম সাক্ষাৎ করলেন লিয়েন লিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/আরবি/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24