ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাংসদদের বরাদ্দ বাতিল করে ন্যাম ফ্ল্যাটগুলো সরকারি কর্মকর্তাদের ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
সোমবার উপদেষ্টা মইনুল হোসেন সংসদ ভবনে গিয়ে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সঙ্গে দেখা করে এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। স্পিকার ইতিবাচক মনোভাব জানিয়েছেন। স্পিকারের সঙ্গে বৈঠকের পর তথ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে ফিরে উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, "ন্যাম ফ্ল্যাটগুলো সরকারি অর্থায়নে তৈরি হয়েছিল। এগুলোর যথাযথ ব্যবহার না হওয়ায় গত সরকারের আমলে ফ্ল্যাটগুলো সাংসদদের বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে কিছু ফ্ল্যাট খালি রয়েছে। এসব ফ্ল্যাটে বর্তমানে অসামাজিক কার্যকলাপ চলছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।"
তিনি আরও বলেন, "বর্তমানে কোনো সংসদ নেই। ওইসব ফ্ল্যাটে নামমাত্র ভাড়ায় সাবেক সাংসদদের থাকতে দেওয়ারও কোনো সুযোগ নেই। তাই গণপূর্ত বিভাগ এসব ভবনের দায়িত্ব নিচ্ছে। গণপূর্ত বিভাগ ফ্ল্যাটগুলোর নতুন ভাড়া নির্ধারণ করে সরকারি চাকরিজীবীদের কাছে ভাড়া দেবে।"
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ন্যাম ভবনগুলোর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য জাতীয় সংসদ সচিবালয়কে কয়েক দফা চিঠি দিয়েছে বলেও জানান তিনি।
ন্যাম ফ্ল্যাট থেকে সাংসদদের সরে যেতে বলা হবে কিনা কিংবা পুননির্ধারিত ভাড়ায় সাংসদদের থেকে যাওয়ার সুযোগ দেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পূর্ত বিভাগ ভবনগুলোর দায়িত্ব বুঝে পেলে সিদ্ধান্ত নেওয়া হবে।"
স্পিকারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্পিকার এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২১৩৬ ঘ.
bdnews24