ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবীর বিরুদ্ধে দায়ের করা কর ফাঁকির মামলায় সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আদালত আগামী বুধবার ৩৪২ ধারায় লবীর জবানবন্দি নেওয়ার দিন ধার্য করেছেন।
সোমবার সকালেই আলী আসগর লবীকে কারগার থেকে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এ হাজির করা হয়। বিকালে বিচারক শাহেদ নূরউদ্দীন মামলার সর্বশেষ সাত সাক্ষীর সাক্ষ্য শোনেন। এরপর তিনি আসামির জবানবন্দি নেওয়ার জন্য আগামী বুধবার দিন ধার্য করেন তিনি।
গত ২৩ মে জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মো. নুরুল আমিন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে লবীর বিরুদ্ধে ১৭ কোটি ২৩ লাখ টাকা আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন। ৫ জুন মামলার অভিযোগ গঠন করা হয়।
৭ জুন এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। নির্ধারিত ১৮ সাক্ষীর মধ্যে ১৭ জন আদালতে সাক্ষ্য দেন। বাকি একজন সাক্ষ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/১৯১৮ ঘ.
bdnews24