ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাদ্যের আপৎকালীন মজুদ বাড়ানোর জন্য সরকার আড়াই লাখ টন চাল ও এক লাখ ৩৮ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পর্যবেক্ষণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে খাদ্য পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান ও খাদ্য উপদেষ্টা তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, "সরকারি গুদামে এখন পাঁচ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। মজুদ বাড়ানোর জন্য স্থানীয় বাজার থেকে খাদ্যশস্য সংগ্রহ চলছে। এছাড়া আড়াই লাখ টন চাল ও এক লাখ ৩৮ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে।"
তিনি আরো বলেন, চাল কেনার জন্য আন্তর্জাতিক দরপত্রের সব প্রক্রিয়া শেষ করতে ৪২ থেকে ৪৫ দিন সময় লাগলেও স্থানীয় দরপত্রে ২১ দিনের মধ্যে এটি করা সম্ভব। তাই স্থানীয় বাজার থেকেও চাল সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে।
উপদেষ্টা বলেন, "প্রতিবছর সাত থেকে আট লাখ টন খাদ্য আপৎকালীন মজুদ হিসেবে রাখা হলেও এবার মজুদের পরিমাণ অনেক বেশি হবে। তাই বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হলেও এবার খাদ্যশস্যের অভাব দেখা দেওয়ার আশঙ্কা থাকবে না।"
দেশি বাজারে আটা ও ময়দার দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আন্তর্জাতিক বাজারে প্রতি টন গমে ১৬ থেকে ১৭ ডলার দাম বেড়ে যাওয়ায় দেশেও এর প্রভাব পড়েছে।"
তিনি জানান, স্থানীয় বাজার থেকে ১২ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এর ৪৫ শতাংশ ইতোমধ্যে কেনাও হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/জেকে/১৭৩০ ঘ.
bdnews24