চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির সাবেক সাংসদ ও বিএনপি নেতা ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতে সোমবার দুপুরে এ অভিযোগ গঠন হয়।
বিচারক মো. হাবিবুর রহমান অভিযোগ গঠন শেষে আগামী বুধবার মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। সেদিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন আদালতে সরকার পক্ষের আইনজীবী এ কে এম জহিরুল হক।
জহিরুল হক জানান, মামলায় ৮৪ জনকে সাক্ষী করা হয়েছে। সাক্ষ্যগ্রহণের প্রথম দিন মামলার বাদী ঢাকার দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নুরুল আলমের সাক্ষ্য নেওয়া হবে।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি অর্জনের অভিযোগে গত ২১ মার্চ খাগড়াছড়ি সদর থানায় ওয়াদুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলাটি করা হয়।
দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম গত ৫ জুন মামলার অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া ওয়াদুদ ভূঁইয়ার সম্পত্তির বিবরণীতে যে ঘোষণা দেওয়া হয়েছে তার বাইরেও খাগড়াছড়ি ও রামগড়ে তার প্রায় ২০ লাখ টাকার সম্পত্তি রয়েছে। এছাড়া তিনি যে হিসাব দাখিল করেছেন তাতেও অসঙ্গতি রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৫২৪ ঘ.
bdnews24