ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম থেকে শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এক নম্বর আপ মেইল ট্রেনটি একের পর এক নির্ধারিত স্টেশনে না থেমে অনিয়ন্ত্রিতভাবে ছুটতে থাকলে ভয়ে সিঁটিয়ে যান যাত্রীরা। থামার কোন সংকেতই মানছিল না ট্রেনটি। পরে কয়েকজন যাত্রীর সহায়তায় রেলওয়ে পুলিশের এক সহকারি উপ--পরিদর্শক হোসপাইপ খুলে দিলে ট্রেনটি থামে। রক্ষা পায় প্রায় দেড় হাজার যাত্রীর জীবন। ইঞ্জিন রুমে গিয়ে তারা দেখেন চালক ও তার দুই সহকারী অচেতন অবস্থায় পড়ে আছেন।
চালক ও তার সহকারীরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চেতনা হারান বলে ধারণা করা হচ্ছে। গভীর রাতে ভৈরব ষ্টেশনে নেমে তারা চা-বিস্কিট খান। তারপর থেকেই ট্রেনটি ওই ভয়ঙ্কর আচরণ করে। তবে নাশকতার বিষয় ছিল কী না তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এ ঘটনায় রেল কতৃপক্ষ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
ঢাকায় কমলাপুর জিআরপি থানার কর্তব্যরত উপ--পরিদর্শক আমীর হোসেন রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনটি শনিবার রাত সাড়ে ১০ টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। গভীর রাতে ট্রেনটি ভৈরব পৌঁছালে চালক আব্দুল খালেক, সহকারি চালক চাঁন মিয়া এবং চালকের সহকারি প্রকৌশলী মো. জাকারিয়া স্টেশনে নেমে একটি দোকানে চা--বিস্কিট খেয়ে আবার ইঞ্জিনে ওঠেন।
তিনি জানান, ট্রেনটি এরপর নরসিংদীতে থামার কথা থাকলেও সংকেত অমান্য করে এগুতে থাকে। হতভম্ব নরসিংদীর স্টেশন মাস্টার এ সময় টেলিফোনে ঘোড়াশালের স্টেশন মাস্টারকে ট্রেনটি থামাতে বলেন। কিন্তু ঘোড়াশাল স্টেশনেও না থেমে ট্রেনটি ছুটতে থাকে। এ সময় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকই চিৎকার--কান্নাকাটি করতে থাকেন।
সকাল সাড়ে ছয়টার দিকে ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশের সহকারি উপ--পরিদর্শক আলমগীর ভূঁইয়া যাত্রীদের সহায়তায় ট্রেনের হোসপাইপ (ব্রেক কার্যকর রাখার জন্য হাওয়া সরবরাহের পাইপ) খুলে দেন। গাজীপুর জেলার কাছাকাছি আড়িখোলায় গিয়ে ট্রেনটি শেষমেশ থামে।
জিআরপি পুলিশের সদস্যরা ইঞ্জিন কক্ষে গিয়ে চালক তার দুই সহযোগীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে অন্য চালক নিয়ে এসে সকাল সাড়ে সাতটায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। সকাল সাড়ে ১০ টায় ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁঁছালে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে হাজির হন।
এ ব্যাপারে জিআরপির সহকারি উপ--পরিদর্শক আলমগীর হোসেন বাদি হয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি সাধারণ এজাহার (জিডি) দায়ের করেছেন। অসুস্থ তিন রেল কর্মীকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কর্মকর্তা (ডিআরএম) ইউসুফ আলী মৃধা রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোন বিশেষ মহল নাশকতামূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ডিটিও) শাহাদত আলী, বিভাগীয় প্রকৌশলী (লোকমোটিভ) মিজানুর রহমান, বিভাগীয় প্রকৌশলী নূর আহম্মেদ এবং বিভাগীয় প্রকৌশলী (সিগনাল অ্যান্ড টেলিকমিউনিকেশন) আবুল কালাম আজাদ।
কমিটির সদস্যরা সোমবার সকাল থেকে কাজ শুরু করবেন এবং তাদের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ইউসুফ আলী মৃধা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০৪২ ঘ.
bdnews24