২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুস্থ নারীদের ভাতা স্থানীয় সরকারের মাধ্যমে দেওয়ার আহ্বান

বাজেটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অর্থ সচিব আকবর আলী খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বাজেটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অর্থ সচিব আকবর আলী খান। রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত "জাতীয় বাজেট ও নারী প্রেক্ষিত" শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করতে গিয়ে এ আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া নারী উন্নয়নের স্বার্থে দরিদ্র ও দুস্থ নারীদের জন্য বরাদ্দ করা ভাতা কেন্দ্রীয় সরকারের পরিবর্তে স্থানীয় সরকারের মাধ্যমে দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা। এ দাবি জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞরাও। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, বিআইডিএস-এর গবেষক প্রতিমা পাল মজুমদার, মানুষের জন্য ফাউন্ডেশন এর টিম লিডার শাহিন আনাম, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, ঠেঙ্গামারা মহিলা সমবায় সমিতির অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আয়েশা খানমও বক্তব্য রাখেন। ড. আকবর আলি খান বলেন, "যুদ্ধক্ষেত্রে জেনারেল যেমন একা যুদ্ধ করতে পারেন না তেমনি বাজেট শুধু অর্থ মন্ত্রণালয় বা সরকারের হাতে ছেড়ে দেওয়া যায় না। এখানে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উচিত যাদের জন্য তারা কাজ করছে তাদের সঙ্গে আলোচনা করা। তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত নারীকে ক্ষমতায়িত করা যাচ্ছে না ততক্ষণ দরিদ্র ও দুস্থ নারীর জন্য ভাতা দেওয়া ভাল। তবে এই ভাতা কেন্দ্রীয় সরকারের পরিবর্তে স্থানীয় সরকারের মাধ্যমে দিলে ভাল হয়।" সুলতানা কামাল বলেন, "গত কয়েক বছরে নারী উন্নয়নের জন্য ৪ ভাগের বেশি বরাদ্দ ছিলনা। সরকারের কাছে কিছু চাইলেই বলা হয়, সম্পদ কম আছে।" তিনি সম্পদের সুষম বন্টনের আহ্বান জানান। অধ্যাপক এম এম আকাশ বলেন, "বাজেট প্রণয়ণের সময় সরকার দাতাগোষ্ঠী, চেম্বার ও সুশীল সমাজের মতামত সংগ্রহ করলেও জনগণের সঙ্গে আলোচনা করছে না।" বাজেট চূড়ান্ত করার পর প্রস্তাবিত বাজেট সম্পর্কে জনগণের মতামত প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা দেখতে চাই সরকার কোনগুলো গ্রহণ করেছে, কোনগুলো গ্রহণ করেনি।" বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আয়েশা খানম বলেন, নারীর ক্ষমতায়নের জন্য দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচির ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে। তিনি অভিযোগ করেন, কোন সরকারই এ ব্যাপারে দীর্ঘমেয়াদী ধারাবাহিক প্রকল্প নেয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএইচ/১৮০৬