২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোল্ডিং নম্বর নেই বলে ভোটার হতে পারেন না অনেক বস্তিবাসী

'সংবিধান অনুযায়ী দেশের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটার হওয়ার আইনগত অধিকার থাকলেও বাস্তবে এর প্রয়োগ নেই। হোল্ডিং নম্বর না থাকায় ভোটার হতে পারেননি অনেক বস্তিবাসী। ভোটার হলেও ভোটাধিকার বঞ্চিত হয়েছেন অনেকে।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 05:30 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'সংবিধান অনুযায়ী দেশের যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটার হওয়ার আইনগত অধিকার থাকলেও বাস্তবে এর প্রয়োগ নেই। হোল্ডিং নম্বর না থাকায় ভোটার হতে পারেননি অনেক বস্তিবাসী। ভোটার হলেও ভোটাধিকার বঞ্চিত হয়েছেন অনেকে।' শনিবার বেসরকারি সংস্থা স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট ও ঢাকা ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত 'বস্তিবাসী নারী-পুরুষের ভোটাধিকার: নাগরিক অধিকার, মানবাধিকার' শীর্ষক আলোচনা সভায় এসব বৈষম্যের চিত্র তুলে ধরা হয়। দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার আলোচনা সভার মূল প্রবন্ধে বস্তিবাসীদের বক্তব্যের মাধ্যমে তাদের ভোটার হওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধতা ও সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, মিরপুরের শিয়ালবাড়ি বস্তির মধ্যবয়সী মোমেনা খাতুন ২০ বছর বস্তিতে কাটিয়েও কখনো ভোটার হননি। ভোট ও ভোটার তালিকার কথা শুনলেও নিজের নাম কখনো সেই তালিকায় উঠেছে কিনা তা তিনি জানেন না। মোমেনার ভাষায়, "এগুলা তো পুরুষ মাইনষে ঠিক কইরা দেয়। হেরাই তো কি কি যেন করে।" মূল প্রবন্ধে বলা হয়, বস্তিবাসীদের বাড়ির হোল্ডিং নম্বর না থাকায় তাদের অনেককেই ভোটার করা হয় না। আবার পরিবারের পুরুষরা কাজের জন্য বাইরে থাকলে নারীদের ভোটার না করেই তালিকা প্রস্তুতকারীরা চলে গেছেন। এ অভিযোগ পাওয়া গেছে আদাবর বস্তির রিকশা চালক জালাল ও তার প্রতিবেশীদের কাছ থেকে। অরুণ কর্মকার তার প্রবন্ধে বলেন, সর্বশেষ ভোটার তালিকা তৈরির সময় মিরপুর সেনানিবাসের ভেতরে চাকুলী গ্রামে ভোটার তালিকা করার সময় একটি রাজনৈতিক দলের দুই কর্মীর প্রভাবে গ্রামের অধিকাংশ লোককে বাদ দিয়ে ভোটার তালিকা করা হয়। বাদ দেওয়ার কারণ, এসব ব্যক্তি অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। আবার বস্তি মালিক ও নিয়ন্ত্রণকারীদের রাজনৈতিক মতাদর্শের কারণেও কিছু লোক ভোটার হওয়ার সুযোগ বঞ্চিত হয়েছেন। ছবি দিয়ে ভোটার তালিকা তৈরির নতুন প্রক্রিয়াকেও অনেক পুরুষ ধর্মান্ধতার কারণে নেতিবাচকভাবে দেখছেন। আলোচনা সভার প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ঢাকার এক চতুর্থাংশ মানুষ বস্তিতে বাস করেন। তাদের বাদ দিয়ে ভোটার তালিকা করলে নির্বাচন সুষ্ঠু হবে না। হোল্ডিং নম্বর না থাকলেও তাদের ভোটার করার বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি নির্দিষ্ট এলাকার ভোটারদের নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোটার দেওয়ার পক্ষে মত দেন। আলোচনা অনুষ্ঠানে স্কুল শিক্ষক মো. কামালউদ্দিন জানান, তিনি বিগত ভোটার তালিকা তৈরির কাজে অংশ নিয়েছেন। সেসময় রাজনৈতিক দলগুলো বস্তিবাসীদের ব্যবহার করার জন্য তথ্য সংগ্রহকারীদের প্রভাবিত করে কোনো ব্যক্তির নাম একাধিকবার অর্ন্তভুক্ত করিয়েছেন, আবার কারো নাম বাদ দিয়েছেন বলে জানান তিনি। বস্তিবাসী সুরক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রশীদ বস্তিবাসীদের নানাভাবে ব্যবহার করার অভিযোগ তুলে বলেন, "নোবেল পাওয়ার জন্য গরীব মাইনষেরে লাগে, ভোটের জন্যও লাগে। বস্তির মানুষরে যে যার সুবিধা মতো ব্যবহার করলেও তাদের অধিকার ৩৭ বছরেও প্রতিষ্ঠা হয়নি।'' নারী ওয়ার্ড কমিশনার নাসিমা মান্নান বলেন, "সবার জন্য পরিচয়পত্র হওয়া উচিত। এই পরিচয়পত্র ব্যবহার করে প্রাপ্তবয়স্ক যে কোনো নাগরিক যে কোনো কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন এমন ব্যবস্থা করলে বস্তিবাসীদের ভোটার হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঢাকা ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা খন্দকার মিন্নাতুল ইসলাম, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার ও সেন্টার ফর পলিসি ডায়লগের কর্মকর্তা ফাতেমা ইউসুফ বক্তব্য রাখেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/এমএইচবি/২২৫৯ ঘ.