ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আষাঢ়ের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও রাজধানীর আকাশ ছিল মেঘলা। সকাল থেকেই হালকা মেজাজে বৃষ্টি হয়েছে। তবে শেষ বিকালে শুরু হয় ঝুম বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার প্রায় সবকটি জেলাতেই বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বরিশাল প্রতিনিধি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের ২৮টি রুটে শনিবার রাত ১টা পর্যন্ত ৬৫ ফুট এর কম দৈর্ঘ্যরে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। বরিশাল নৌ বন্দরের ট্রাফিক ইন্সেপেক্টর আব্দুল মালেক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা সহকারী আবহাওয়াবিদ কামরুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রোববার সারাদেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণেরও সম্ভবনা আছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাংশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া সবগুলো বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী, কোথাও কোথাও মাঝারী থেকে ভারি বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরের জন্য দেওয়া তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তুলে নেওয়া হলেও দক্ষিণাঞ্চলের নৌ বন্দরগুলোকে দুই নম্বর নৌ--হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শনিবার সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙ্গামাটিতে ৭৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে ২১, সন্দ্বীপে ৪৫, সিলেটে ৪২, ফেনীতে ২৬, নোয়াখালীতে ৪৩, কুমিল্লায় ৫৩, চাঁদপুরে ২৯, মাদারীপুরে ৪৭, পটুয়াখালীতে ৬৩ ও যশোরে ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এসএনডি/জেকে/২২১২ ঘ.
bdnews24