জয়পুরহাট, জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাঁচবিবি উপজেলায় দেশি মুরগিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু ভাইরাস) সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর তাই পাঁচ গ্রামের সব মুরগি নিধনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ উদ্দীন জানান, বড় নারায়ণপুর গ্রামের নূর ইসলামের বাড়িতে আক্রান্ত দেশি মুরগির নমুনা ঢাকার বিএলআরআইয়ে পাঠিয়ে সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
শনিবার রাতে বড় নারায়ণপুর গ্রামসহ ওই গ্রামের চতুর্দিকে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শীতা, মালঞ্চ, পশ্চিম বালিঘাটা ও দমদমা গ্রামের মুরগি নিধন করার কথাও জানান মমতাজ উদ্দিন।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিপুরণ দেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24