ঢাকা, ১৬জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শ্যামপুরে ৬ বছরের এক মেয়েকে অপহরণের পর হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা মেয়েটির সৎ বাবা ও সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে।
শুক্রবার বিকেলে শ্যামপুর থানা পুলিশ স্থানীয় ওয়াসা পুকুরপাড় থেকে আরিফা নামের এ শিশুর লাশ উদ্ধার করে। লাশটি এখন মিটফোর্ড হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে একটি হত্যামামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, গত ১১ জুন থেকে আরিফা নিখোঁজ ছিল। ১২ জুন তার মা জেসমিন বেগম বাদী হয়ে মেয়েটির সৎ বাবা রাসেল আর তার তিন সহযোগী মোস্তফা, রাজীব ও উজ্জ্বলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে শ্যামপুর থানায় একটি অপহরণ মামলা করেন। সেই মামলার সূত্র ধরে ১২ জুন রাতেই মোস্তফা ও রাজীবকে গ্রেফতার করে পুলিশ ।
অপহরণ মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্যামপুর থানা পুলিশের উপ -- পরিদর্শক আলী হোসেন দুয়ারী জানান, "জেসমিন বেগম আলমগীর হোসেনকে তালাক দিয়ে কয়েক বছর আগে রাসেলকে বিয়ে করেন। জেসমিনের আগের পক্ষের দু'টি ছেলে --- মেয়ে রয়েছে। এর মধ্যে বড় ছেলেটির ভরণ --- পোষণের দায়িত্ব নেয় তার আগের পক্ষের এক মামী শ্বাশুড়ী। আর মেয়ে আরিফা তার মা জেসমিন ও সৎ বাবা রাসেলের সঙ্গেই থাকতো। গত কয়েকমাস ধরে রাসেল সহ্য করতে পারছিল না আরিফাকে। এ জন্য মেয়েটিকে ত্যাগের জন্য রাসেল নানাভাবে চাপ দিচ্ছিল জেসমিনকে। এরপর ১১ জুন থেকে আরিফাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।"
গ্রেফতারের পর রাজীব ও মোস্তফার রিমান্ড চাওয়া হলে আদালত রাজীবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। রাজিবের রিমান্ড শেষ হয়েছে শনিবার। উজ্জ্বল ও রাসেল এখনও পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসি/১৭৪৯ ঘ.
bdnews24