ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বর্ষার প্রথম দিনেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুর ১২টার দিকে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বয়ে যায় নগরীর উপর দিয়ে।
আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা এম এম মাহমুদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শনিবার দুপুর পর্যন্ত সারাদেশেই কমবেশি বৃষ্টি হতে পারে। এর মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারি বর্ষণের সম্ভবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গোমতী নদীর পানি কুমিল্লার দ্বেবীদারে ৪১ সেন্টিমিটার হ্রাস পেলেও শুক্রবার সকালে বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সারাদেশে ৬২টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৩২টি পয়েন্টে নদীর পানির উচ্চতা কমেছে। বেড়েছে ২৩টি পয়েন্টে। একটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। ৬টি পয়েন্টের রেকর্ড পাওয়া যায়নি।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের নৌ বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। শনিবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আষাঢ়ের প্রথম দিনে রাজধানীতে বৃষ্টি ও দমকা হাওয়া দুটোই ছিল। দুপুর ১২টা ৫ মিনিটে রাজধানী ওপর দিয়ে ঘণ্টায় ৪৮ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায়। সঙ্গে ছিল বৃষ্টি। দিনে কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার বৃষ্টি নামে মুষলধারে।
সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পটুয়াখালীতে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া টেকনাফে ৫০ মিলিমিটার, কুতুবদিয়া ৫৬ মিলিমিটার, কক্সবাজারে ১৭ মিলিমিটার, চট্টগ্রামে ৪২ মিলিমিটার, সিলেটে ৫১ মিলিমিটার, মাইজদীকোর্টে ১২ ও বরিশালে ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/জেকে/২০২৫ ঘ.
bdnews24