২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের পৌলি সেতুর একাংশ ভেঙ্গে যোগাযোগ ব্যাহত

গত তিন দিনের বর্ষণের ফলে স্রোতের তোড়ে কালিহাতি উপজেলার ৪৬ বছরের পুরনো পৌলি সেতুর একাংশ পুনরায় ভেঙ্গে পড়েছে। এতে উত্তরাঞ্চলের ১৬ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যাহত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 04:19 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

টাঙ্গাইল, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গত তিন দিনের বর্ষণের ফলে স্রোতের তোড়ে কালিহাতি উপজেলার ৪৬ বছরের পুরনো পৌলি সেতুর একাংশ পুনরায় ভেঙ্গে পড়েছে। এতে উত্তরাঞ্চলের ১৬ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যাহত হচ্ছে। যৌথবাহিনী ও জেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগ মঙ্গলবার সকাল থেকে সেতুর এক লেন বন্ধ করে মেরামত কাজ চালিয়ে যাচ্ছে। ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন, টাঙ্গাইল জেলা প্রশাসক আখতার আলী সরকার, পুলিশ সুপার শেখ মুহাম্মদ মারুফ হাসান ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করেন। ময়মনসিংহ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বায়েজিদ জানান, সেতুর সাময়িক মেরামত কাজ হলে বৃহস্পতিবার দুপুর থেকে দুই লেনে গাড়ি চলাচল করতে পারবে। তিনি বলেন, সেতুর স্ল্যাব নতুন করে বসানোর জন্য দরপত্র আহবান করা হয়েছে। তবে বিকল্প সেতু নির্মাণ না হলে স্ল্যাব বসানোর কাজ সম্ভব নয়। নির্বাহী প্রকৌশলী জলিলুর রহমান প্রামাণিক জানান, ১৯৬১ সালে নির্মিত ৪০০ ফুট দীর্ঘ এ সেতুর মেয়াদ শেষ হয়েছে আরও আগে। সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকা ছাড়াও ময়মনসিংহ ও জামালপুর থেকে টাঙ্গাইলে যানবাহন চলাচল করছে। গত ১৯ মে সেতুর স্লাব ভেঙ্গে গেলে ১১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এছাড়া ২০০৫ সালের ১৬ এপ্রিল সেতুর রেলিং ভেঙ্গে বাস নদীতে পড়ে ১৭ জন মারা যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২২১৫ ঘ.