নারায়ণগঞ্জ, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সরকারের দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিআরটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের সাবেক মোটরযান পরিদর্শক কাজী মাহবুবুর রহমান, অফিস সহকারী গঙ্গাময়ী দত্তের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জ অফিসের উপপরিচালক বেনজীর আহমেদ বুধবার সন্ধ্যায় ফতুল্লা থানায় মামলাটি করেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হাসান জানান, মামলাটি নথিভুক্ত হয়েছে। দুর্নীতি দমন কমিশনই এর তদন্ত চালাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, দুই অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
মামলায় মাহবুবুর রহমান ও গঙ্গাময়ী দত্তের বিরুদ্ধে ২ কোটি ৩৮ হাজার ২৯৫ টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, ২০০৩ সালের ২০ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ২ অক্টোবর পর্যন্ত সময়ে ১৩৬ টি গাড়ি নিবন্ধন দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন বিআরটিএ এর ওই কর্মকর্তা ও কর্মচারী। এর মধ্যে ১২টি গাড়ি নিবন্ধনের কোনও নথিপত্র পাওয়া যায়নি। বাকি ১২৪টি গাড়ির নিবন্ধন বাবদ ৩১ লাখ ১৫ হাজার ২২১ টাকা আদায় হলেও সরকারি খাতে জমা হয়েছে ১৫ লাখ ৫২ হাজার ১২৫ টাকা।
এছাড়া ওই দুই ব্যক্তি একই সময়ে ২১ হাজার ৮৯৩টি ড্রাইভিং লাইসেন্স ইস্যু করেছেন। এর ফি বাবদ সরকারি খাতে ১ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৫শ ২৫ টাকা জমা হওয়ার কথা থাকলেও কোনও অর্থ সরকারি খাতে জমা হয়নি।
এছাড়া দুজনের বিরুদ্ধে কয়েক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৩ ঘ.
bdnews24