ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিজয় সরণীর র্যাংগস ভবন নিয়ে মামলার শুনানিতে বিব্রতবোধ করেছে আপিল বিভাগ।
বুধবার আপিল বিভাগের বিচারপতি আমিরুল কবির চৌধুরী মামলাটির ওপর শুনানি গ্রহণে বিব্রতবোধ করলে অবকাশকালীন বিশেষ বেঞ্চ ভেঙে যায়। আদালত এ মামলাটির ওপর শুনানি গ্রহণের জন্য নতুন বেঞ্চ গঠনের জন্য নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছে।
বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বিশেষ অবকাশকালীন বেঞ্চ সকাল ৯টায় র্যাগস ভবন নিয়ে সরকারের আপিলের শুনানি গ্রহণ করে।
কিন্তু র্যাংগসের কৌসুলি ব্যারিস্টার রফিক উল হক জরুরি অবস্থা চলাকালে সুপ্রিমকোর্টের অবকাশকালীন বিশেষ বেঞ্চে শুনানিতে আপত্তি জানিয়ে বলেন, গত ১১ জানুয়ারি রাষ্ট্রপতির জারি করা আদেশে জরুরি অবস্থায় মৌলিক অধিকার সংক্রান্ত বিচারাধীন মামলার শুনানি স্থগিত থাকবে।
তিনি আরও বলেন, হাইকোর্ট র্যাংগস ভবন মামলার রায়ে বলেছিল, এ মামলায় মৌলিক অধিকার জড়িত। তাই এ মামলার শুনানি হতে পারে না। আর শুনানি হলে ধরে নেওয়া হবে জরুরি অবস্থা জারির ১শ ২০ দিন পার হওয়ার পর সুপ্রিম কোর্ট মনে করছে দেশে আর জরুরি অবস্থা নেই।
শুনানিতে রফিকুল উল হক আরও বলেন, এই অবকাশকালীন বেঞ্চের বিচারপতি আমিরুল কবির চৌধুরী গত ৭ জুন বিদায় সংবর্ধনা নিয়েছেন। বিদায় সংবর্ধনা নেওয়ার পর কোনো বিচারপতির বিচারকাজ করার রেওয়াজ সুপ্রিম কোর্টের ইতিহাসে নেই।
এর জবাবে অ্যাটর্নি জেনারে ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, একজন বিচারপতি সম্পর্কে এ ধরনের মন্তব্য কারো কাছ থেকে কাম্য নয়। বিচারপতি আমিরুল কবির চৌধুরী আগামী ২৩ জুন অবসরে যাবেন, বিদায় সম্বর্ধনা নিলেই কোনো বিচারপতি অবসরে যাচ্ছেন ধরে নেওয়া যায় না।
এই পর্যায়ে বিচারপতি আমিরুল কবির চৌধুরী আপিল শুনানিতে বিব্রতবোধ করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম র্যাংগস ভবন নিয়ে এ মামলাটি তাৎক্ষণিকভাবে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
সুপ্রিম কোর্ট সূত্রে জানা যায়, আপিলটি শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন বিষয়ে পরবর্তী আদেশের জন্য সেটি প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের দপ্তরে আছে।
আপিল বিভাগের আরেক বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম বিদেশ থেকে আগামী মাসে ফিরে আসার পরই বেঞ্চ পুনর্গঠনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
১৯৯৩ সালের ১৮ ফেব্র"য়ারি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) র্যাংগস গ্র"পকে বিজয় সরণীতে ২২ তলা ভবন নির্মাণের অনুমোদন দেয়। কিন্তু ১৯৯৯ সালের ২৪ জুন এ অনুমোদন বাতিল করে দেয় রাজউক। এর বৈধতা নিয়ে ওই বছরই র্যাংগস হাইকোর্টে রিট মামলা করে। তাতে বলা হয় ১৬ তলার বেশি নির্মাণের পর রাজউকের অনুমোদন বাতিলের আদেশ অবৈধ।
২০০০ সালের ২ মে এ রিটের রায়ে হাইকোর্ট রাজউকের আদেশ অবৈধ ঘোষণা করে।
রাজউক ও সরকার হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করলে ২০০৫ সালের ৫ ডিসেম্বর আপিলটি শুনানির জন্য গ্রহণ (লিভ মঞ্জুর) করে।
বুধবার অ্যাটর্নি জেনারেলকে শুনানিতে সহায়তা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে ব্যারিস্টার রফিক উল হককে সহায়ত করেন ব্যারিস্টার মো. সাখাওয়াত হোসেন।
ব্যারিস্টার সাখাওয়াত হোসেন পরে সাংবাদিকদের বলেন, একজন বিচারপতি বিব্রতবোধ করায় বেঞ্চ ভেঙে গেছে। নতুন বেঞ্চ গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে বিষয়টি পাঠানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/১৬০৪ ঘ.
bdnews24