রাজশাহী, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকসহ ১০ জনকে ভূমি দখলের মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আবু সালেহ শেখ মো. জহিরুল হক বুধবার দুপুরে এ রায় দেন।
আদালত সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০০৬ সালের ১৩ এপ্রিল ব্যারিস্টার আমিনুল হকসহ অন্য আসামিরা গোদাগাড়ী পৌর এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ডা. গোলাম মোস্তফার কাছ থেকে জোর করে একটি চুক্তিনামায় স্বাক্ষর করিয়ে তার ১৩ শতক জমি দখল করে নেয়।
মামলার অন্যান্য আসামিরা হলেন, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি ও আমিনুল হকের মামা রফিকুল ইসলাম, গোদাগাড়ী পৌরসভার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও বণিক সমিতির সভাপতি আশরাফুল হক দুলাল, বিএনপি কর্মী তরিকুল ইসলাম, এলতাস হোসেন, নজরুল ইসলাম, তোফাজ্জল হক, মোফাজ্জল হক ও আহম্মদ আলী।
এদের মধ্যে নজরুল ইসলামকে আটক করা হলেও বাকিরা এখনো পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৫৩৫ ঘ.
bdnews24