২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের কমলগঞ্জের বাকি দুই ইউনিয়নও প্লাবিত

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার দুপুরে রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট ও আদমপুর ইউনিয়নের জামের কোনা গ্রাম এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে দুটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 05:15 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

মৌলভীবাজার, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মঙ্গলবার দুপুরে রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট ও আদমপুর ইউনিয়নের জামের কোনা গ্রাম এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে দুটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এনিয়ে কমলগঞ্জের নয়টি ইউনিয়নের সবকটি বন্যা কবলিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের পুরনো ১২টি ও নতুন ২টি ভাঙ্গন দিয়ে পানি ঢুকে পড়ায় ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে গেছে উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ। কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসানুল পারভেজ জানান, মৌলভীবাজার জেলা প্রশাসন বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী হিসাবে বিতরণের জন্য মঙ্গলবার বিকালে ১০ মেট্রিক টন টাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্দ করেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারতী চক্রবর্তী জানান, পানিতে তলিয়ে যাওয়ায় নয় ইউনিয়নের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীনেশ সূত্রধর জানান, বন্যার্তদের চিকিৎসা সেবায় ৯টি ইউনিয়নে ৯টি মেডিক্যাল টাম পাঠানো হয়েছে। বন্যা পরিস্থিতি মনিটরিং এর জন্য উপজেলা সদরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৪ ঘ.