চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিপর্যয়ের ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রামবাসী। মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি ধরে এলেও গত দুদিনের অবিরাম বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে নগরীর নিুাঞ্চল এখনও জলমগ্ন হয়ে আছে। ওয়াসা ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে ক্ষতিগ্রস্ত বা বিকল হয়ে যাওয়ায় পানীয় জল এবং বিদ্যুতের জন্য হাহাকার চলছে পুরো নগরী জুড়েই। চট্টগ্রাম ব্যুরো প্রধান ফারুক ইকবাল মঙ্গলবার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন লোকজনের অবর্ণনীয় কষ্ট। কিছু স্থানে পানি নেমে যাওয়ার পর অবশিষ্ট ময়লা--আবর্জনা পানির অভাবে পরিষ্কার করতে না পারায় চরম দুর্ভোগ নেমে এসেছে এসব এলাকায়। পানীয় জলের কষ্ট শহরের লালখান, হালিশহর, আগ্রাবাদ, মাদারবাড়ি, কাতালগঞ্জ, বহদ্দারহাট ও মুরাদপুরসহ প্রায় সব স্থানেই। সোমবারের ওই বিপর্যয়ে নিহতের সংখ্যা ১১৮ জনে পৌঁছেছে। একদিকে এতোগুলো মানুষের প্রাণহানির কষ্ট, অন্যদিকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে বন্দরবাসী এখন চরম দুরবস্থায় দিন কাটাচ্ছে।
মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলোতে পাহাড়ি ঢলের সঙ্গে বয়ে আসা মাটি জমাট বেঁধে আছে। বিভিন্ন অফিস, দোকানপাট এবং বসতবাড়ির নিচ তলায়ও একই অবস্থা। আগ্রাবাদ, হালিশহর, চাক্তাই বহদ্দারহাট, কাতালগঞ্জ, ষোলশহর, শুলকবহর, পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, হেমসেন লেন, নালাপাড়া, মুগলটুলিসহ আরও এলাকায় এখনও হাঁটু সমান পানি জমে আছে। দিনে একবেলার বেশি কোথাও পানি পাচ্ছে না কেউ। অনেক এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বহদ্দারহাটের বাসিন্দা ও একটি সংবাদপত্রের কর্মচারী বাসুদেব জানান, পানিতে ডুবে যাওয়ায় সোমবার থেকেই তার ঘরে রান্না--বান্না বন্ধ হয়ে গেছে। আত্মীয়--স্বজনদের পাঠানো খাবার খেয়ে দিন পার করতে হচ্ছে। পানি আর বিদ্যুতের অভাবে জীবনই অচল হয়ে পড়েছে।
হেমসেন লেনের একটি চার তলা ভবনের নিচ তলায় বসবাসকারী ইন্টেরিয়র ডিজাইনার মেজবাহ আলম জানান, সোমবার সকাল ১১টায় তার বাসায় হু হু করে পানি ঢুকে পড়ে। বৌ--ছেলেকে নিয়ে বারান্দায় মাটির বাঁধ দিয়েও পানি ঠেকানো যায়নি। ঘরের যাবতীয় মালামাল পানিতে সয়লাব হয়ে গেছে।
একই এলাকার আইনজীবী মিলি চৌধুরী বলেন, সকাল সাড়ে ৯টায় পানি ঢুকে পড়ে বাসায় এবং ঘণ্টাখানেকের মধ্যেই বেড়ে তা বুক সমান হয়ে যায়। এতে কম্পিউটারসহ অন্যান্য আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। পানি আর বিদ্যুত না থাকাটা এখন মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।
হালিশহর কে ব্লকের বাসিন্দা পিডিবির কর্মকর্তা মনিরুজ্জামান শিমুল জানান, হালিশহরের সবচেয়ে উঁচু এলাকার একটি ডরমিটরিতে থেকেও পানির হাত থেকে রেহাই পাওয়া যায়নি। কোমর পানিতে ডুবে সবকিছু নষ্ট হয়ে গেছে।
হালিশহর এল ব্লকের অপর বাসিন্দা মাঈনুদ্দিন দুলাল জানান, গোটা হালিশহর এখনও পানিতে থই থই করছে। বাসার কম্পিউটার, সোফা ও অন্যান্য তৈজসপত্র এখনও খাটের ওপরে। মেঝেতে পানি থাকায় রান্না--বান্নাও বন্ধ। বাইরে থেকে খাবার এনে পরিবারের সবাইকে খেতে হচ্ছে।
পাঁচলাইশ আবাসিক এলাকার বাসিন্দা কবি এজাজ ইউসুফী জানান, ঘরে বুক সমান পানি ঢুকে তার এতোদিনের সম্বল কয়েকশ বই একেবারেই শেষ হয়ে গেছে। পানি চলে গেলেও যে কাদামাটি রয়ে গেছে তা পরিস্কার করার মতো পানি না থাকায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নগরীর অভিজাত এলাকা বলে বিবেচিত খুলশি এলাকার বাসিন্দা স্কুল শিক্ষিকা রেহানা পারভিন জানান, পাঁচ তলা ভবনের তিন তলায় থেকেও রেহাই পাননি পানি থেকে। ছাদ থেকে নেমে আসা বৃষ্টির পানির তোড়ে তার বাসা রীতিমতো সয়লাব হয়ে যায়। দুদিন ধরেই তিনি পানি সরানোয় ব্যস্ত।
এমনি করে হাজারও মানুষের মূল্যবান সামগ্রী, বিভিন্ন বিপণি কেন্দ্রের নিচতলার দোকানপাট, রেয়াজুদ্দিন বাজার, খাতুনগঞ্জ ও চাক্তাই পাইকারী বাজারের শত শত গুদাম ঘরে রক্ষিত কোটি কোটি টাকার পণ্য পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাক্তাইয়ের ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, এই বৃষ্টিতে খাতুনগঞ্জ ও চাক্তাই এর আড়তদারদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। পানি আর কাদায় নষ্ট হয়ে গেছে সব।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ গত দুদিন ধরে পানি উৎপাদন এবং সরবরাহে ব্যর্থতার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো) দায়ী করে বলেছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পানি সরবরাহ সঙ্কটের মুখে পড়েছে।
তবে বিউবো অসহায়ত্ব প্রকাশ করে বলেছে, প্রবল বর্ষণে তাদের বিদ্যুৎ উপকেন্দ্রগুলো অচল হয়ে পড়েছে।
নগর জুড়ে পানীয় জলের ঘাটতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওয়াসা চেয়ারম্যান মকছুমুল হাকিম চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন দুই শত মিলিয়ন লিটার পানি উৎপাদন ক্ষমতা থাকলেও লোডশেডিংয়ের কারণে ২৫ শতাংশ কম উৎপাদন হয়। আর বিপর্যয়ের পর সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় ওইদিন ওয়াসার পানি উৎপাদন ও সরবরাহ একেবারেই নিচে নেমে আসে।
তিনি জানান, বৃষ্টির পানিতে ওয়াসার ৬৬ টি পাম্প হাউস বা গভীর নলকূপের কোনো ক্ষতি না হলেও পতেঙ্গায় একটি বুস্টার স্টেশন কোমর সমান পানিতে ডুবে গেছে। তাছাড়া কালুরঘাট পানি শোধনাগারেও পানি ঢুকে পড়ার উপক্রম হয়েছিল। কিন্তু মাটির বাঁধ দিয়ে তা ঠেকানো হয়েছে।
ওয়াসা চেয়ারম্যান বলেন, পানির দুর্ভোগ লাঘবে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। তবে সেটা বিদ্যুৎ পরিস্থিতির ওপর অনেকটা নির্ভরশীল।
এদিকে বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে বিউবোর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, প্রবল বর্ষণে চট্টগ্রামের ২০টি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়েছিল। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ৭ টি উপকেন্দ্র সোমবার রাত ৮টায় চালু করা হয়েছে। চারটি ৩৩/১১ কেভি উপকেন্দ্র এখনো বিকল।
তিনি আরও জানান, ১৩৬ টি ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে সোমবার রাত ৮ টা থেকে রাত ১১টার মধ্যে ১২৩ টি ফিডার লাইন চালু করা হয়। পানি নেমে গেলে বাদ--বাকি ফিডার লাইনগুলো পরীক্ষা করে চালুর উদ্যোগ নেওয়া হবে। অন্যথায় ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন যে, নগরীর ৪ টি শিল্প এলাকার অধিকাংশ শিল্প কারখানায় পানি ঢুকে পড়ায় এবং অনেক ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় শিল্প মালিকদের অনুরোধে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তাছাড়া বিভিন্ন আবাসিক এলাকায়ও নিরাপত্তাজনিত কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, আর বৃষ্টি না হলে এবং নিুাঞ্চলের পানি সরে গেলে বুধবারের মধ্যেই চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এসডি/২০৩১ ঘ.
bdnews24