২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুশ্রম নিরসনে কৃষিখাতে সম্পৃক্ত শিশুদের সঠিক সংখ্যা জানা জরুরি: সেমিনারে বক্তারা

কৃষিকাজে নিয়োজিত শিশুদের সঠিক সংখ্যা চিহ্নিত করা না গেলে এসব শিশুকে স্বাভাবিক জীবনে যেমন ফিরিয়ে আনা সম্ভব হবে না, তেমনি তাদের সুন্দর ভবিষ্যতও নিশ্চিত করা যাবে না। কাজেই সবার আগে কৃষিখাতে এবং ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত শিশুদের সম্পর্কে তথ্য--উপাত্ত সংগ্রহ করা জরুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কৃষিকাজে নিয়োজিত শিশুদের সঠিক সংখ্যা চিহ্নিত করা না গেলে এসব শিশুকে স্বাভাবিক জীবনে যেমন ফিরিয়ে আনা সম্ভব হবে না, তেমনি তাদের সুন্দর ভবিষ্যতও নিশ্চিত করা যাবে না। কাজেই সবার আগে কৃষিখাতে এবং ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত শিশুদের সম্পর্কে তথ্য--উপাত্ত সংগ্রহ করা জরুরি। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর পূর্বাণী হোটেলে আয়োজিত এক সেমিনারে বক্তারা একথা বলেন। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে এনে শিশুদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে আইএলও এর সদস্য দেশগুলো ২০০২ সাল থেকে প্রতিবছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করে আসছে। এ বছর খাদ্য ও কৃষি সংস্থার মতো (এফএও) জাতিসংঘের বেশ কয়েকটি সহযোগী সংস্থাও আইএলও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি পালন করছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে "আগামী দিনের ফসল: শিশু শ্রম মুক্ত কৃষি।" শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর উদ্যোগে যৌথভাবে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দ নাকিব মুসলিম। অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম, জনশক্তি ও কর্মসংস্থান সচিব আশফাক হামিদ বলেন, "কৃষিতে শিশু শ্রম নির্মূল বিষয়টি উভয় সঙ্কট তৈরি করে। কেননা কিছু কৃষি এখনও পরিবার--ভিত্তিক শ্রমের ওপর নির্ভরশীল এবং খাদ্য চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমের প্রয়োজনীয়তা বাড়ছে।" তিনি বলেন, "শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের কল্যাণে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। শিশুদের জন্য শিক্ষা বৃত্তি চালু করে শিশু শ্রম দূর করতে পারি। শিশু শ্রম বিষয়ক নীতিমালা তৈরির কাজ চলছে। অচিরেই তা পেয়ে যাবো বলে আশা করছি।" তবে কবে নাগাদ এর কাজ শেষ হবে তা তিনি বলতে পারেননি। শিশু শ্রম আইন বাস্তবায়ন প্রসঙ্গে শ্রম সচিব সাংবাদিকদের বলেন, "এখানে আর্থিক বিষয় জড়িত। তাই আমাদের সচেতনতা তৈরি করতে হবে। এজন্য আমরা বিভিন্ন সেমিনারের আয়োজন করছি।" কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সৈয়দ নাকিব মুসলিম বলেন, "আমরা রাতারাতি শিশু শ্রম দূর করতে পারবো না। সবাই মিলে সম্মিলিত উদ্যোগ নিলে শিশু শ্রম দূর হবে। এজন্য আমাদের শিক্ষাগত ব্যবস্থা ঠিক করতে হবে। আমাদের শিক্ষা হতে হবে 'লার্নিং ফর আর্নিং' বা 'উপার্জনের জন্য শিক্ষা'।" তিনি বলেন, "আমরা ২০০৭ সালে কৃষি নীতি প্রণয়ন করলেও শিশুদের ব্যাপারটা নিতে পারেনি। এখন আমরা চিন্তা--ভাবনা করছি কৃষি নীতিতে শিশুদের ব্যাপার যুক্ত করার জন্য। " আইএলওর পরিচালক গোপাল ভট্টাচার্য বলেন, "শিশু শ্রমের অপর্যাপ্ত জ্ঞান ও উপাত্ত সমস্যা সম্পর্কে কম সচেতনতা, পর্যবেক্ষণ করার জন্য প্রাতিষ্ঠানিক কৌশলের অনুপস্থিতি এবং শিশুদের কর্মক্ষেত্রে দুর্ঘটনা, মৃত্যু প্রতিবন্ধকতা সম্পর্কে পর্যাপ্ত আইনের স্বল্পতার কারণে কৃষি খাত থেকে শিশু শ্রম দূর করা যাচ্ছে না।" সেমিনারে বলা হয়, খনি এবং নির্মাণ কাজের পাশাপাশি কৃষিও ঝুঁকিপূর্ণ খাত হিসেবে বিবেচিত হয়েছে, যেখানে শিশুরা বিভিন্ন ধরনের ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে। বিশ্বে ৫ থেকে ১৪ বছর বয়সী ১৩ কোটি ২০ লাখেরও বেশি শিশু বিভিন্ন খামার, বৃক্ষ রোপন, বীজ বপন ও ফসল আবাদ, কীটনাশক ছিটানো এবং পশুপালন কাজে নিয়োজিত রয়েছে। আইএলও এর গবেষণায় দেখা গেছে, বিশ্বে শতকরা ৭০ ভাগ শিশুই কৃষি কাজের সঙ্গে জড়িত। বাংলাদেশে জাতীয় শিশু শ্রম জরিপ ২০০২-০৩ এ দেখা গেছে, ৫ থেকে ১৭ বছর বয়সী ৭৪ লাখ ছেলেমেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত এবং এর মধ্যে শতকরা ৬৫ ভাগই কৃষিকাজে সম্পৃক্ত। বাংলাদেশ কর্মসংস্থান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সি কে হায়দার বলেন, "শিশুশ্রম দারিদ্র্যের সঙ্গে যুক্ত। পরিবারের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করা ছাড়া শিশু শ্রম দূর করা যাবে না।" সেমিনারে এফএও এর পরিচালক এড স্পাইকার্স ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং শ্রমিক, বিভিন্ন বেসরকারি সংস্থা এবং দাতা সংস্থার কর্মকর্তারা মতবিনিময় করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসডি/১৬৩১ ঘ.