ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের বিরুদ্ধে মাহবুব আলম লিটন (৩৫) নামে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ করেছেন ওই ব্যবসায়ীর স্ত্রী মেহের আফরোজ।
ঢাকার গ্রিনরোডে কনসেপ্ট টাওয়ার নামে একটি বহুতল অ্যাপার্টমেন্টের সংস্কার কাজ নিয়ে বিরোধের জের ধরে লিটনকে পিটিয়ে গুরুতর আহত করা হয় বলে মেহের আফরোজ জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে মেহের আফরোজ জানান, তারা ৬৯ গ্রিনরোডের কনসেপ্ট টাওয়ারের একটি নিজস্ব ফ্ল্যাটে থাকেন। সোমবার সকাল সাতটার দিকে একই অ্যাপার্টমেন্টের ১৩/ডি ফ্ল্যাটের মালিক রোকসানা বেগমের ছেলে, সেনাবাহিনীর প্রকৌশল শাখার ক্যাপ্টেন শিবলী তাদের ফ্লাটের দরজায় ধাক্কা দেন। তার সঙ্গে সাদা পোশাকে একজন ও সামরিক পোশাক পরা আরও ৬ ব্যক্তি ছিলেন।
মেহের আফরোজ জানান, লিটন দরজা খুলে দিলে ক্যাপ্টেন শিবলী তাকে তাদের সঙ্গে যেতে বলেন। পরমুহূর্তেই শিবলী টেনেহিঁচড়ে তার স্বামীকে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে সকাল সাড়ে আটটার দিকে তারা লিটনকে মুমূর্ষু অবস্থায় অ্যাপার্টমেন্টের নিচে গেটের সামনে ফেলে রেখে যায়। প্রতিবেশীদের সহায়তায় তিনি লিটনকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে ভর্তি করান।
শমরিতা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাওন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, লিটনের বুকে, পিঠে, দেহের নিচের অংশে এবং নিতম্বে আঘাতজনিত চিহ্ন রয়েছে।
কনসেপ্ট টাওয়ারের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক হাসপাতালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই সেনা কর্মকর্তা যা করেছেন তা চরম অমানবিক ও দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।"
মেহের আফরোজ জানান, তার স্বামীকে নির্যাতনের ঘটনায় তিনি ধানমন্ডি থানায় একটি সাধারণ এজাহার (জিডি) দায়ের করতে গেলে তা গ্রহণ করা হয়নি।
এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিডি গ্রহণ করা হয়নি বলে যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। মেহের আফরোজ আমার সামনে বসেই স্থানীয় সেনা ক্যাম্পে কথা বলেন। এরপর তিনি জিডি না করে সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দিতে যান।"
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে সায়েন্স ল্যাব সেনা ক্যাম্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এ ঘটনার যথাযথ বিচার করা হবে। ইতিমধ্যে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২২৫৬ ঘ.
bdnews24