২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহজনক বহুতল ভবন নির্মাণ প্রতিষ্ঠানগুলো অসমাপ্ত কাজ শেষের অনুমতি পেয়েছে

সন্দেহভাজন ভূমি উন্নয়ন এবং বহুতল ভবন নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে শর্ত সাপেক্ষে অসম্পূর্ন কাজ করার অনুমতি দিয়েছে সরকার। ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহনের পর বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সন্দেহভাজন চিহ্নিত করে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। সোমবার ভূমি উন্নয়ন ও ভবন নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সংস্থা রিহ্যাবের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে গৃহায়ন ওপূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এ অনুমোদন দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 09:28 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সন্দেহভাজন ভূমি উন্নয়ন এবং বহুতল ভবন নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে শর্ত সাপেক্ষে অসম্পূর্ন কাজ করার অনুমতি দিয়েছে সরকার। ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহনের পর বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সন্দেহভাজন চিহ্নিত করে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। সোমবার ভূমি উন্নয়ন ও ভবন নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সংস্থা রিহ্যাবের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে গৃহায়ন ওপূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন এ অনুমোদন দেন। বৈঠক শেষে ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, "আইনগত কাঠামোর মধ্যে থেকেই তাদের সহযোগিতা দেওয়া হবে। আমরা চাই তারা তাড়াতাড়ি কাজ শুরু করুক। এতে অর্থ প্রবাহ বাড়বে। এ ছাড়া গরিব মানুষেরও কাজের সুযোগ সৃষ্টি হবে।" রিহ্যাবের সভাপতি আব্দুল আউয়াল বলেন, "আমরা উপদেষ্টার কাছে আমাদের সমস্যা গুলো তুলে ধরে এর সমাধান চেয়েছিলাম। উপদেষ্টা তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়েছেন।" এর পরও সমস্যা দেখা দিলে এগুলো সচিব দেখবেন বলে উপদেষ্টা তাদের আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, "দীর্ঘদিন ধরেই আমরা বিজ্ঞাপন দিতে পারছিলাম না। কিন্তু তিনি (উপদেষ্টা) আজকে সে সমস্যার সমাধান করে দিয়েছেন।" জরুরি অবস্থার পর থেকে তাদের ব্যবসায় কিছুটা মন্দা অবস্থা বিরাজ করছে বলেও তিনি জানান। দখলবাজদের প্রসঙ্গে রিহ্যাব সভাপতি বলেন, "যারা দখল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এতে আমাদের কোন আপত্তি থাকবে না।" বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, ভূমি উন্নয়নের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই অবৈধভাবে জমি দখল করে ব্যবসা করে আসছে। অনেকক্ষেত্রে জমির মালিক না হয়েও তারা বিজ্ঞাপণের মাধ্যমে গ্রাহকদের প্রতারিত করে আসছিলেন। মূলত এ কারণেই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বিজ্ঞাপণ প্রচারের ওপর বিধি নিষেধ আরোপ করে। সোমবারের বৈঠকে উপদেষ্টা মুচলেকা দিয়ে বিজ্ঞাপণ প্রচার করার অনুমোদন দেন। বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধামালা অনুযায়ী ২০০৪ সালে ২০০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে ২০০৬ সালের বিধিমালায় সংশোধন করায় আগের অনুমোদিত প্রকল্পগুলো কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখতে বাধ্য হয়েছিল নির্মাণ সংস্থাগুলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/জিএনএ/১৫০৬ ঘ.