মুন্সীগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মুন্সীগঞ্জে আরও একটি দুর্নীতি মামলা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের সাড়ে ১২ কোটি টাকা ক্ষতির অভিযোগে মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী পিয়ার মোহাম্মদ রোববার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএ নেয়াজী জানান, বাদী বলেছেন, ২০০৫ সালের ২২ মে থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চারমাসে নাজমুল হুদা ক্ষমতার অপব্যবহার এবং সড়ক ও জনপথ বিভাগের মুন্সীগঞ্জ কার্যালয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে তার নির্বাচনী এলাকার সাতটি সড়ক নির্মাণের টেন্ডার আহ্বান করান। এতে সরকারের প্রায় সাড়ে ১২ টাকা ক্ষতি হয়।
এর আগে সড়ক ও জনপথ বিভাগের মুন্সীগঞ্জ কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বাদী হয়ে নাজমুল হুদার বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার দুর্নীতির মামলা করেন। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এএল/এসএনডি/১৪২৬ ঘ.
bdnews24