ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মগবাজারে রোববার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে রায়হান চৌধুরী (২২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
গুলিতে আওলাদ হোসেন মিল্টন (২২) নামে অপর এক যুবক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়হান ২৮০/৮১/বি বড় মগবাজারের আবুল কালাম চৌধুরীর ছেলে। মগবাজারে তাদের ক্যাফে ডি--তাজ, হোটেল রোজ গার্ডেন আবাসিক এবং গ্রীন টাওয়ার নামে একটি বিপণিবিতান রয়েছে। রায়হান তার বাবার ব্যাবসা দেখাশোনা করতো।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মগবাজার বাটা গলির ভেতরে স্থানীয় মকবুল গ্র"পের ফারুখসহ ৫/৬ জন সন্ত্রাসী রায়হান ও মিল্টনকে লক্ষ্য করে ১০/১২ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। রায়হানের পেটে ও বুকে কমপক্ষে সাতটি এবং মিল্টনের হাতে ও পাঁজরে দুটি গুলি লাগে। এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মিল্টনের বাবা জাকির হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২৭২ বড় মগবাজারে তাদের একটি বাড়ি রয়েছে। কিন্তু স্থানীয় সন্ত্রাসী মকবুল গ্র"পের সদস্য ফারুখের হুমকির কারণে তারা ওই বাড়ি ভাড়া দিয়ে পল্লবী রুপনগরের একটি ভাড়া বাসায় ওঠেন। মগবাজারের বাড়ির ভাড়ার টাকা তোলার জন্য মিল্টন রোববার বিকেল চারটার দিকে বাসা থেকে বের হয়ে মগবাজারে যায়।
জাকির হোসেন আরও জানান, মিল্টনের স্ত্রী সোনিয়াকে প্রায়ই বিরক্ত করতো সন্ত্রাসী ফারুখ। কিন্তু মিল্টন প্রতিবাদ করায় এ হামলা চালানো হয়েছে বলে তিনি ধারণা করছেন।
রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক ফরিদা খানম রাত সাড়ে ৯টার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে উপ--পরিদর্শক নাসের আলীর নেতৃত্বে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত হামলার কারণ জানানো সম্ভব না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২২২৮ ঘ.
bdnews24