২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলনের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 02:23 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

সুনামগঞ্জ, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলনের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে। রোববার দুপুরে সুনামগঞ্জ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বাগবাড়ি এলাকার ব্যবসায়ী ও বিএনপি নেতা আফসার উদ্দিন। ম্যাজিস্ট্রেট হাজেরা খাতুন এজাহার গ্রহণ করে অভিযোগ তদন্তের জন্য ছাতক থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, জনসভার জন্য ২০০৬ সালের ২৩ আগস্ট সুনামগঞ্জ-৫ আসনের তৎকালীন সাংসদ কলিম উদ্দিন মিলন বাদীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া কানাডীয় কোম্পানি নাইকোর কাছ থেকে কমিশন নিয়ে এমপি মিলন টেংরাটিলা অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণ থেকে ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে কলিম উদ্দিন মিলন দাবি করেন, "মামলার অভিযোগ ভিত্তিহীন। বাতিল হওয়া সংসদ নির্বাচনে চারদলীয় জোটের মনোনয়ন না পেয়ে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আফসার উদ্দিন ওই মামলাটি করেছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২১ ঘ.