চট্টগ্রাম, ১০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মীরসরাইয়ে রোববার বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বরসহ পাঁচ জন নিহত হয়েছেন।
মীরসরাই থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম জানান, ঢাকা--চট্টগ্রাম মহাসড়ক এলাকার সোনা পাহাড় এলাকায় বিকাল চারটার দিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ফটিকছড়িগামী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রোবাসের চার আরোহী নিহত হন। পরে হাসপাতালে এক জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, বর মোহাম্মদ মামুন(২৫), তার ভাই কোরবান আলী(৩০) ও বোন আলেয়া বেগম (২৭) এবং বরের বন্ধু মো. শাহীন (২৬) ও কনের ভাই শাহ পরাণ (১৮)।
তাদের সবার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকোতে। বিয়ের অনুষ্ঠান শেষে তারা বউ নিয়ে বাড়ি ফিরছিলেন।
শাহ পরাণসহ দুর্ঘটনায় আহত পাঁচ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পরাণের মৃত্যু হয়। কনে শিরিন আখতার (২০) এবং কনের বোন নুরুন্নাহার (২৩) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা কামরুল ইসলাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরআই/এমআই/২০০৪ ঘ.
bdnews24