২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার শেষেই নির্বাচন: ট্রয়কাকে ফখরুদ্দীন

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ট্রয়কা প্রতিনিধি দলকে এই বলে আশ্বস্থ করেছেন যে, সংস্কার প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন দিয়ে তাঁর সরকার ক্ষমতা হস্তান্তর করবে। শনিবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কা প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তাঁর প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 03:19 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ট্রয়কা প্রতিনিধি দলকে এই বলে আশ্বস্থ করেছেন যে, সংস্কার প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন দিয়ে তাঁর সরকার ক্ষমতা হস্তান্তর করবে। শনিবার বিকেলে ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কা প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তাঁর প্রেস সচিব ফাহিম মুনয়েম সাংবাদিকদের একথা জানান। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভাগের মহাপরিচালক আঁন্দ্রেস মিখাইলিচ-এর নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় সংস্কার, নির্বাচনের রোড ম্যাপ, ঘরোয়া রাজনীতি, বাজেট, জাতীয় মানবাধিকার কমিশন গঠন, প্রথম বারের মত বাজেটে জনগণের মতামত দেওয়ার সুযোগ দান, স্থানীয় সরকার শক্তিশালীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ট্রয়কা প্রতিনিধি দল সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন। তারা আর্থিক এবং নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার আশ্বাসও দিয়েছেন। তিনি জানান, ট্রয়কা প্রতিনিধিদলকে প্রধান উপদেষ্টা বলেছেন, "ঘরোয়া রাজনীতি চালু করার বিষয়ে সরকার সজাগ রয়েছে। সময় হলেই পুনরায় ঘরোয়া রাজনীতি চালু করা হবে।" ফাহিম মুনয়েম আরো জানান, নির্বাচন কমিশন জুলাই মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে। প্রধান উপদেষ্টা ট্রয়কা প্রতিনিধিদলকে দেশের স্বাধীন গণমাধ্যম সর্ম্পকে বলেছেন। ফখরুদ্দীন আহমদ তাদের বলেন, দেশে জাতীয় সংসদের অনুপস্থিতিতে সংবাদ মাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। গণমাধ্যমের সাহায্যেই সরকার জনগণের মনোভাব জানতে পারছে, জনগণও সরকারের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হচ্ছে। দেশে জাতীয় মানবাধিকার কমিশন গঠনের কাজ চলছে বলেও তিনি প্রতিনিধি দলকে জানান। প্রতিনিধিদলকে উপদেষ্টা বলেন, জাতীয় বাজেট সম্পর্কে জনগণের মতামত চাওয়া হয়েছে। এর মাধ্যমে এই প্রথমবারের মতো বাজেট আলোচনায় দেশের সাধারণ মানুষের অংশ গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এসএইচ/এসএম/জিএনএ/২১০০ ঘ.