ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই শনিবার বলেছে, শুল্ক বাড়ানো হলে বিকাশমান শিল্প খাত দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে।
শনিবার বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই নেতারা য় শুল্ক বাড়ানোর প্রস্তাবের সমর্থনে অর্থ উপদেষ্টা যে ব্যাখ্যা দিয়েছেন তারও বিরোধিতা করেছেন।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, "শুল্ক হার বাড়ানোর প্রস্তাব বিকাশমান দেশীয় শিল্পের জন্য ভুল বার্তা বহন করছে। সন্দেহ নেই, প্রস্তাবিত শুল্ক কাঠামো শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।"
২০০৭--০৮ অর্থ বছরের বাজেটে মূলধনী যন্ত্রপাতি, কাঁচামালের শুল্কহার শূন্য থেকে ১০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া মধ্যবর্তী পণ্যের শুল্কহারের সীমা তিন শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ নিয়ে সমালোচনার মুখে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে শুক্রবার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, স্থানীয় শিল্পের মধ্যে প্রতিযোগিতা এবং দক্ষতা বাড়ানোর জন্য শুল্ক হার বাড়ানো হয়েছে। তাই প্রস্তাবিত বাজেট কোনোভাবেই স্থানীয় শিল্পবিরোধী নয়।
মীর নাসির হোসেন বলেন, অর্থ উপদেষ্টার ওই বক্তব্য চীন এবং ভারতের মতো দেশগুলোর বেলায় খাটলেও বাংলাদেশের ক্ষেত্রে খাটে না। ওই দেশগুলো তাদের শিল্প বিকাশে অনেক সুবিধা দেয়। কিন্তু আমাদের দেশ এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে এ ধরনের শুল্ক আরোপ করতে হবে।
তিনি বলেন, বিদ্যমান শূন্য শুল্ক সুবিধা প্রত্যাহার বস্ত্রখাতকে সঙ্কটের মুখে ঠেলে দেবে। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন খাতে ৪ শতাংশ সারচার্জ প্রত্যাহার করা হলে তার সরাসরি প্রভাব পড়বে স্থানীয় শিল্পের ওপর। এর ফলে ব্যবসায়ীরা স্থানীয়ভাবে পণ্য তৈরি না করে সম্পূর্ণ প্রস্তুত পণ্য আমদানিতে উৎসাহিত হবে।
তবে বাজেটে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করা, মূল্যস্ফীতি রোধ, ব্যক্তিখাতের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দ বাড়ানো সংক্রান্ত প্রস্তাবাবলী সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমা প্রকাশ করেছে এফবিসিসিআই।
সরকারের দায় হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বকেয়া ৭ হাজার ৫২৩ কোটি টাকা পরিশোধের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেন মীর নাসির।
মোবাইল কোম্পানির মতো এনজিওদের বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রেও একই ধরনের কর্পোরেট ট্যাক্স ধার্য করা যুক্তিযুক্ত বলে এফবিসিসিআই নেতৃবৃন্দ মনে করেন। তারা বলেন, এনজিওদের বিনিয়োগকে আয় হিসেবে গণ্য করে করের আওতায় আনারও প্রয়োজন রয়েছে।
সংবাদ সম্মেলনে কম্পিউটার সামগ্রীর ওপর শূন্য শুল্ক সুবিধা বিলোপের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
এদিকে শনিবার বিকেএমইএ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে টেক্সটাইলসহ অন্যান্য খাতের মূলধনী যন্ত্রপাতির ওপর শূন্য শুল্ক সুবিধা বহাল রাখার আহ্বান জানানো হয়।
সংগঠনের সভাপতি মো. ফজলুল হক বলেন, প্রস্তাব অনুযায়ী শুল্ক বাড়ানো হলে টেক্সটাইল খাতে বিনিয়োগ আরো কমতে পারে। তাই মূলধনী যন্ত্রপাতির উপর শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/এমআই/১৯৫৫ ঘ.
bdnews24