বাগেরহাট, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শরণখোলা উপজেলায় শুক্রবার রাতে আসামী ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন পুলিশের তিন জন সহকারী উপপরিদর্শক। হামলায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, আন্তঃজেলা শাটার ভাঙা চক্রের কয়েকজন সদস্যের উপস্থিতির খবর এবং অপর একটি অভিযোগ তদন্তে থানার সহকারী উপপরিদর্শক মো. শাজাহান, শরিফুল ইসলাম ও হুমায়ুন কবীর দুজন কনস্টেবল নিয়ে শুক্রবার রাতে খোন্তাকাটা গ্রামে যায়।
খোন্তাকাটা বাজারে শাটার ভাঙা চক্রের সদস্য ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায় বলে জানান আব্দুর রহমান।
তিনি বলেন, "ওই সময় সিদ্দিকের বড় ভাই ইউনিয়নের চৌকিদার আলী হোসেন ১৮-২০ জন সহযোগীসহ লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার এবং সিদ্দিক ও আলী হোসেনকে গ্রেফতার করে।"
আহত পুলিশ সদস্য হুমায়ুন কবীরকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। শাজাহান ও শরিফুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনায় আহত হুমায়ুন কবীর বাদী হয়ে আলী হোসেন ও সিদ্দিকসহ আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে থানায় মামলা করেছেন।
শুক্রবার রাতের ঘটনার পর পুলিশ বেশ কয়েকদফা ওই গ্রামে অভিযান চালায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৭ ঘ.
bdnews24