যশোর, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যশোরে অস্ত্র ও গুলিসহ একজন এবং সরকারি বিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগে অপর একজনকে আটক করেছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব--৬ এর অধিনায়ক মেজর শাহীনের নেতৃত্বে র্যাবের একটি দল শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে আবদুল হাকিম নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে।
এ ছাড়া উপজেলার কন্যাদাহ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা উদ্ধার করা হয়।
এদিকে সরকার বিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার যশোরে জাহাঙ্গীর ফিরোজ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন জানিয়েছেন, তার কাছ থেকে সরকার বিরাধী লেখা কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। তাকে জরুরি বিধিমালায় আটক দেখিয়ে আদালতের কাছে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। জাহাঙ্গীর ফিরোজের বাড়ি উপশহর সি ব্লক এলাকায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/২০৪২ ঘ.
bdnews24