চাঁদপুর, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দি ও চাঁদপুরের মতলব সংযোগ সড়কে বৃহস্পতিবার রাতে অন্তত ১০টি গাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতির শিকার ফরিদগঞ্জ উপজেলার চির্কা গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, দাউদকান্দি ও মতলবের মধ্যবর্তী স্থানে হানা দেয় ডাকাত দল। তিনি একটি মাইক্রোবাসে চড়ে চাঁদপুর ফিরছিলেন। ডাকাত দল রাস্তার ওপর গাছ ফেলে অন্তত ১০টি গাড়ি আটকে ঘণ্টাব্যাপী লুটপাট চালায়।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মতলব (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আউয়াল চৌধুরী বলেন, "পালবাজারে ডাকাতির কথা শুনেছি। তবে এলাকাটি দাউদকান্দি থানার অন্তর্ভুক্ত।"
দাউদকান্দি থানায় যোগাযোগ করা হলে থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আবু কায়সার বলেন, "ডাকাতির কথা শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ জানায়নি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.
bdnews24