কুষ্টিয়া, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দৌলতপুর উপজেলায় শুক্রবার সকালে সার বিতরণের সময় বিক্ষুব্ধ কৃষকদের থামাতে গিয়ে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে ১২ জন কৃষক আহত হয়েছেন।
কৃষকরা অভিযোগ করেছেন, সার নেওয়ার জন্য কয়েক হাজার কৃষক দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ডিলারের কাছে মাত্র সাড়ে তিনশ বস্তা সার থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু পুলিশ এসে বেপরোয়া লাঠিপেটা শুরু করলে বিল্লাল, মিন্টু, রানা, শামসুল, উজ্জল, রেন্টু, সোহেল, মিরাজ, মান্নান ও মহসিনসহ অন্তত ১২ জন কৃষক আহত হন। তাদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম আনোয়ার জানান, সার ডিলার মহসিন আলী দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের কাছে ২৫ কেজি করে সার বিক্রি করছিলেন। এসময় কয়েকজন কৃষক হট্টগোল শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করার চেষ্টা করে। এতে কৃষকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং ইট--পাটকেল ছুঁড়ে। পরে সেনাবাহিনীর একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ কৃষকদের ওপর লাঠিপেটার কথা অস্বীকার করে বলেন, কতিপয় উচ্ছৃঙ্খল কৃষককে শান্ত করতে গেলে তারা পুলিশের ওপর ইট--পাটকেল ছুঁড়ে পালিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১৫২৮ ঘ.
bdnews24