২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক নিরাপত্তা জাল সম্প্রসারণ

দারিদ্র্য হ্রাস কর্মসূচীতে গতিশীলতা আনার জন্য সরকার সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধির প্রস্তাব করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 08:58 PM

Updated : 26 Apr 2022, 02:25 PM

সামাজিক নিরাপত্তার মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, দুঃস্থ বিধবা ভাতা, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী, প্রতিবন্ধী সহায়তা, মৌসুমী কর্মসংস্থান সৃষ্টি তহবিল, টেষ্ট রিলিফ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (কাবিখা), গ্রাচুইটি রিলিফ (জিআর), ভিজিএফ, ভিজিডি ইত্যাদি।

২০০৭-০৮ অর্থবছরে বয়স্ক ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ২২০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। সুবিধাভোগীর সংখ্যা ১৬ লাখ থেকে বাড়িয়ে ১৭ লাখ করা হয়েছে।

২০০৬-০৭ অর্থবছরের দুঃস্থ বিধবা ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ২২০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর ২০০৬-০৭ অর্থবছরের সাড়ে ছয় লাখ সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়ে সাড়ে সাত লাখ করার প্রস্তাব করা হয়েছে।

বিধবা এবং সুবিধাভোগীদের মাসিক ভাতাও ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ২২০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

পঙ্গু মুক্তিযেদ্ধাদের মাসিক ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণেরও প্রস্তাব রাখা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তির মাসিক ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ২২০ টাকা এবং সুবিধাভোগীর সংখ্যা এক লাখ ৬৬ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ করার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গা ও নদী ভাঙ্গার মতো প্রাকৃতিক এবং ভৌগলিক দুর্যোগে দারিদ্র্যপীড়িত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিদ্যমান ক্ষুদ্রঋণ ও তহবিল কার্যক্রমকে সম্পসারণের প্রস্তাব করা হয়েছে। পল্লী অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী অর্থ বছারে ৫৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

তাছাড়া গ্রামীণ অবকাঠামো নির্মাণ কর্মসূচি টেষ্ট রিলিফ, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, গ্রাচুইটাস রিলিফ (জিআর), ভিজিএফ এবং ভিজিডিতে খদ্যশস্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

২০০৭-০৮ অর্থবছরে সরকার আট লাখ টন খাদ্যশস্য আমদানি করবে। পঞ্চাশ লাখ কার্ডধারীর জন্য আট মাসের সহায়তা বাবদ চার লাখ টন চাল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দ ছাড়াও প্রায় ছয় লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হবে টিআর, জিআর, কাবিখা এবং ভিজিডি কর্মসূচিতে।

দরিদ্র মা’দের জন্যও সরকার “দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা’ শীর্ষক একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচি দরিদ্র মা’দের নিরাপদ মাতৃত্ব, স্বাস্থ্য, পুষ্টি, সন্তানকে দুগ্ধদান এবং সুন্দর, সবল শিশুর জন্ম ও বেড়ে ওঠা নিশ্চিত করবে। সন্তান সম্ভবা দরিদ্র মায়েরা মাসিক ৩০০ টাকা ভাতা পাবে। প্রাথমিকভাবে তিন হাজার ইউনিয়নের ৪৫ হাজার মা এই কর্মসূচির আওতায় আসবে।

বর্তমান প্রত্যক্ষ এবং পরোক্ষ ব্যয় মিলিয়ে লিঙ্গ সমতাকরণ ব্যয় হচ্ছে মোট বাজেটের ২২ শতাংশ। নতুন অর্থবছরে এটি ২৪ শতাংশ করা করেছে।

এবারের প্রস্তাবিত বাজেটে গৃহহীনদের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি যা বিগত বাজেটে ছিল।