২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ জনের মধ্যে সম্পদের হিসাব দিলেন ৭ জন

একুশজন রাজনীতিবিদ ও আমলাকে সাত কার্য দিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে বলা হলেও বৃহস্পতিবার পর্যন্ত জমা দিয়েছেন মাত্র সাতজন। এর মধ্যে পাঁচজনই জমা দিয়েছেন বৃহস্পতিবার। তবে কেউ কেউ সময়সীমা আরও সাত কার্য দিবস বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন বলেও জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- একুশজন রাজনীতিবিদ ও আমলাকে সাত কার্য দিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে বলা হলেও বৃহস্পতিবার পর্যন্ত জমা দিয়েছেন মাত্র সাতজন। এর মধ্যে পাঁচজনই জমা দিয়েছেন বৃহস্পতিবার। তবে কেউ কেউ সময়সীমা আরও সাত কার্য দিবস বাড়ানোর জন্য আবেদন জানিয়েছেন বলেও জানা গেছে। বৃহস্পতিবার যাদের সম্পদের হিসাব জমা দেওয়া হয়েছে তারা হলেন দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল হোসেন, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী এএফএম মঞ্জুরুল ইসলাম, সাবেক কমিশনার মনোয়ার হোসেন ডিপজল ও সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শহীদুল্লাহ খান। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী এসব বিবরণী গ্রহণ করেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট কাজি শহীদুল ইসলাম সম্পত্তির হিসাব জমা দেন। হিসাব বিবরণীতে তার স্থাবর--অস্থাবর সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ২৭ কোটি ৮৭ লাখ ১৬ হাজার ২৯২ টাকা। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এএফএম মঞ্জুরুল ইসলামের পক্ষে তার আইনজীবী আব্বাস উদ্দিন সম্পত্তির হিসাব জমা দেন। তার মোট সম্পত্তির মূল্য দেখানো হয়েছে ৮০ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। যার মধ্যে ৪৪ লাখ টাকা দেখানো হয়েছে ঋণ হিসেবে। ঢাকা শহরে পৈত্রিক সূত্রে একটি ফ্ল্যাট রয়েছে বলেও ওই বিবরণীতে উল্লেখ করা হয়। তবে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে তার আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সম্পত্তির হিসাব জমা দেওয়ার সময়সীমা আরও সাত কার্য দিবস বাড়ানো হয়েছে। তার আইনজীবী আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদের কারাগারে থেকে একটি খসড়া হিসাব বিবরণী তৈরি করেছিলেন যা তিনি রিমান্ডের কারণে জমা দিতে পারেননি। এ ছাড়া মনোয়ার হোসেন ডিপজলের পক্ষে তার মা জোবেদা বেগম এবং সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শহীদুল্লাহ খানের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ আলী বিবরণী জমা দেন। সরকারি কর্ম কমিশনের প্রাক্তন সদস্য অধ্যাপক মাহফুজুর রহমানের পক্ষে তার স্ত্রী ফিরোজা বেগম সম্পত্তির হিসাব জমা দেওয়ার জন্য দুর্নীতি দমন কার্যালয়ে এলেও তা গ্রহণ করা হয়েছে কী না তা জানা যায়নি। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী শাহজাহান সিরাজের পক্ষে তার আইনজীবী আবদুল মোমেন সম্পত্তির হিসাব জমা দিতে এলেও তাদের হিসাব গ্রহণ করা হয়নি। এদিকে, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এবং আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদারের পক্ষে তাদের আইনজীবীরা সম্পত্তির হিসাব বিবরণী দাখিলের সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন। খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের পক্ষে তার আইনজীবী আহমদ আজম খানও সম্পত্তির হিসাব দাখিলের বিষয়ে খবর নিতে কমিশন কার্যালয়ে এসেছিলেন বৃহস্পতিবার। দুর্নীতি দমন কমিশন গত ২৯ মে থেকে ৩১ মে এর মধ্যে তারেক জিয়াসহ মোট ২১ জন রাজনীতিবিদ ও আমলাকে তাদের সম্পদের হিসাব সাত কার্য দিবসের মধ্যে জমা দেওয়ার নোটিশ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসডি/১৮২৪ ঘ.