২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্র বন্দর, ট্রানজিট নিয়ে জনস্বার্থ মামলার রায় বৃহষ্পতিবার

মার্কিন যুক্তরাষ্ট্রকে গভীর সমুদ্র বন্দর ও ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার প্রক্রিয়া এবং মিয়ানমারের সঙ্গে এশিয়ান হাইওয়ে চুক্তি করার বৈধতা নিয়ে জনস্বার্থে দায়ের করা আবেদনের ওপর বৃহস্পতিবার রায় দেবে হাইকোর্ট ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মার্কিন যুক্তরাষ্ট্রকে গভীর সমুদ্র বন্দর ও ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার প্রক্রিয়া এবং মিয়ানমারের সঙ্গে এশিয়ান হাইওয়ে চুক্তি করার বৈধতা নিয়ে জনস্বার্থে দায়ের করা আবেদনের ওপর বৃহস্পতিবার রায় দেবে হাইকোর্ট । বুধবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি ফরিদ আহমেদ এর হাইকোর্ট বেঞ্চ আবেদনটির ওপর উভয় পক্ষের প্রাথমিক শুনানি শেষে আদেশ দেওয়ার এই তারিখ ধার্য করেন। শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ খন্দকার বলেন, "গভীর সমুদ্র বন্দর ও ট্রানজিট এবং এশিয়ান হাইওয়ে চুুক্তি করার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত জড়িত। কিন্তু সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কোন নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না।" জবাবে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, "গভীর সমুদ্র বন্দর ও ট্রানজিট এবং এশিয়ান হাইওয়ে চুুক্তি করার বিষয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কোন নীতিগত সিদ্ধান্ত নেয়নি। বিগত সরকারের নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় কাজ করছে মাত্র।" গত ২৮ মে ঢাকা জজ আদালতের আইনজীবী ফরিদউদ্দিন আহমেদ রিট আবেদনটি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমএইচবি/১৯০০ ঘ.