২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীসহ পাঁচজনের বিরুদ্ধে বুধবার একটি চাঁদাবাজি মামলার এজাহার দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 12:32 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

গাজীপুর, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলীসহ পাঁচজনের বিরুদ্ধে বুধবার একটি চাঁদাবাজি মামলার এজাহার দায়ের করা হয়েছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল কালিয়াকৈর ডাইনকিনি গ্রামের মো. জিয়ারত হোসেন গাজীপুরের তিন নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন লিটন, আবদুল ওহাব, আবদুল হাকিম ও রফিক মিয়া। ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা সাংসদ রহমত আলীর ছত্রচ্ছায়ায় বাদীর লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। ২০০৩ সালের ১৮ জুলাই মুজিবুর রহমান ইয়াসিনের বাসায় বাদী নিজে রহমত আলীকে এক লাখ ১৫ হাজার টাকা দেন। তবে বাকি টাকা দিতে না পারায় তার পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করে আসামিরা। এজাহারটি দায়ের করতে দেরি হওয়া প্রসঙ্গে বাদী বলেন, রহমত আলী সাংসদ থাকায় এটি দায়ের করতে দেরি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসডি/১৮২১ ঘ.