ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বুধবার একটি কারখানায় বিদুৎস্পৃষ্ট হয়ে রমেশ (২৫) নামে এক কর্মচারি নিহত হয়েছেন। এ সময়ে শর্ট সার্কিটের কারণে কারখানায় আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তেজগাঁও এলাকার বেঙ্গল স্টিল ওয়ার্কস লিমিটেডে বুধবার সকাল ১১টা ১০ মিনিটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তেজগাঁও জোনের ফায়ার সর্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
নাজমা আক্তার জানান, কারখানাটির অবৈধ অংশ ভেঙে ফেলার জন্য রাজউক নির্দেশ দিয়েছিল। কারখানা কর্তৃপক্ষ বুধবার সকাল থেকে অবৈধ অংশ ভাঙার কাজ শুরু করে। সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রমেশ।
গুরুতর অবস্থায় কারখানার লোকজন রমেশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কারখানায় ক্লিনার পদে কাজ করতেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ--পরিদর্শক হুমায়ুন কবীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, একজন আহত হয়েছেন বলে জানি, তবে তিনি মারা গেছেন বলে শুনিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/এসএনডি/১৪৩৪ ঘ.
bdnews24