রাজশাহী, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- চাঁদাবাজির মামলায় মেয়র মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির সহ সভাপতি নজরুল হুদা ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মহানগরীর রাজপাড়া থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় বুধবার সকালে ওই তিনজন রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। মুখ্য মহানগর হাকিম আফজাল হোসেনের অনুপস্থিতিতে বিচারক জ্ঞানেন্দ্র নাথ সরকার তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০ এপ্রিল রাতে নগরীর রাজপাড়া থানায় রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে ৪ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়।
নগরীর মহিশবাথান অচিনতলা এলাকার এভারগ্রীন মডেল স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সদস্য শামসুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় মিনু ছাড়াও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন, জেলা বিএনপির সহ--সভাপতি নজরুল হুদা, সহ সভাপতি আলতাফ হোসেনসহ ১১ জনকে আসামী করা হয়।
বাদী তার অভিযোগে বলেন, চলতি বছর ২৯ মার্চ বিকেলে নগরীর বাইপাস মোড়ে মেয়র মিনুর নির্দেশে অসামীরা তার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তারা তাকে হুমকি দেয় এবং কলেজের চেয়ার--টেবিল ভাংচুর, নির্মাণ কাজের জন্য রাখা ইট লুট করে এবং প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে।
গত ১৬ মে মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপ--পরিদর্শক আবদুর রহমান সরকার অভিযোগপত্র দাখিল করেন।
এতে মেয়র ছাড়াও বিএনপি নেতা নজরুল হুদা, শফিকুল হক মিলন, তাহাজ উদ্দিন ওরফে সেন্টু, মাইনুল, ইসলাম, বাবু, রঞ্জু, আশরাফ, সামশুল, আবদুল্লাহ আল মামুনের নাম উল্লেখ করা হয়। এদের মধ্যে কয়েকজনকে এরই মধ্যে আটক করেছে পুলিশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসডি/১৪৩১ ঘ.
bdnews24