ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আইন--শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ধারা স্থায়ী করার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ। আর এ উদ্দেশে মাঠ পর্যায়ে দুর্নীতি দমনে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনদিনব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, "আমরা কেন্দ্রীয়ভাবে নীতি নির্ধারণ করে দিতে পারি তবে সেটা বাস্তবায়নের দায়িত্ব আপনাদের। সবার সহযোগিতায় পরিস্থিতি এখন আরও উন্নত হয়েছে, জনগণ শান্তি পাচ্ছে। এর স্থায়ী রূপ দিতে হবে।"
তিনি বলেন, "সামগ্রিকভাবে আমাদের লক্ষ্য যতোটা সম্ভব দুর্নীতি নিয়ন্ত্রণ করা। এ সরকারের প্রতি জনগণের সমর্থন একটা বড় অর্জন। সমর্থনের সঙ্গে প্রত্যাশা বেড়েছে। আর তাই তাদের প্রত্যাশা মিটাতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের মূল লক্ষ্য হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতি দমন। কেন্দ্রীয়ভাবে দুর্নীতি দমনের কাজ চলছে। অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে এবং তারা শাস্তি পাবেন। এটা শুধু কেন্দ্রীয়ভাবে করলেই চলবে না। সব পর্যায়েই দুর্নীতি মুক্ত ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।"
তিনি বলেন, "পরিস্থিতি যেন আবারও আগের অবস্থায় ফিরে যেতে না পারে সেজন্য সরকারি এবং বেসরকারি খাতের মধ্যে সমন্বয় আনতে হবে।"
ব্যবসায়ীদের প্রসঙ্গে বলেন, "ব্যবসায়ীরা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। সব ব্যবসায়ীদের আরও সুযোগ সুবিধা কীভাবে দেওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে।"
সরকারের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, "সরকারের উদ্দেশ্য, কর্মকাণ্ড, কৌশল এবং অর্জন জনগণের কাছে প্রচার করতে হবে। সংবাদপত্রগুলো এর মধ্যেই এ কাজ করছে। আপনারা প্রতিনিয়ত জনগণের সঙ্গে মেলামেশা করছেন। সরকারের কর্মকাণ্ড প্রচারে আপনারা ভালো ভুমিকার রাখতে পারবেন। জনগণের সমস্যার কথা শুনে আপনারা আমাদের জানান।"
ফখরুদ্দীন বলেন, "'ইনফর্মাল ইকোনমি' আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। হাট বাজার উচ্ছেদের ফলে এই 'ইনফর্মাল ইকোনমি' ব্যহত হচ্ছে। প্রয়োজন হলে আপনারা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এই হাট বাজার নতুন করে ইজারা দিন। উচ্ছেদ করতে গিয়ে যদি দেখা যায় ছোট এবং দরিদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেক্ষেত্রে উচ্ছেদ বন্ধ করতে হবে। যে ধরনের কর্মকাণ্ড 'ইনফর্মাল ইকোনমি' ব্যহত করে সে ধরনের কর্মসূচি হাতে নেওয়া যাবে না।"
সরকারি অফিসের সেবার মান বাড়ানো প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, "সরকারি অফিসে জনগণের সেবার মান বৃদ্ধি করতে হবে। বছরের পর বছর পেনশন আটকে থাকছে, কৃষি খাতে সার, ডিজেল বিতরণ ব্যহত হচ্ছে--এগুলো কীভাবে নিরসন করা যায় তা আপনাদের বের করতে হবে।"
সরকারের প্রচেষ্টা সম্পর্কে বলেন, "সুশাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। একদিন বা একমাসে এটি সম্ভব নয়। এর জন্য সময় লাগবে ।"
সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগ সচিব আলী ইনাম মজুমদার। জেলা প্রশাসকদের পক্ষে কুমিল্লা এবং যশোরের এবং বিভাগীয় কমিশনারদের পক্ষে সিলেটের বিভাগীয় কমিশনার বক্তব্য রাখেন। শুক্রবার পর্যন্ত এই সম্মেলন চলবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/এএল/কেএম/১২২৭ঘ.
bdnews24